চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ভর্তিচ্ছু শিক্ষার্থী রহমত উল্লাহ © টিডিসি ফটো
রহমত উল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ সেশনের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৯১৭তম স্থান অর্জন করেন। উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে মাদারীপুর থেকে ট্রেনে চেপে রওনা হন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। সঙ্গে ভর্তি সংক্রান্ত কাগজপত্র ও টাকা। কিন্তু স্বপ্ন ছোঁয়ার এই আনন্দ ফিকে হয়ে গেছে রহমত উল্লাহর। কারণ ট্রেনেই চুরি হয়ে গেছে তার কাগজপত্র ও টাকার ব্যাগ। চলতি মাসের ১৮ তারিখ ছিলো কাগজপত্র জমা দেয়ার শেষ তারিখ।
কাগজপত্র না থাকায় এই শিক্ষার্থীর সাক্ষাৎকার নেননি শিক্ষকরা। প্রতিবাদে আজ দুপুর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসেন তিনি।
এ বিষয়ে রহমত উল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত তার নিজ এলাকার একজন শিক্ষকের সুপারিশ নিয়ে দরখাস্ত দিলেও এতে কোন কাজ হয়নি। মেধাক্রমে ৯১৭তম হয়ে ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তির জন্য মনোনীত হওয়া এই শিক্ষার্থী সারাদিন ডিন অফিসের সামনে ঘুরলেও সব চেষ্টাই বিফল হয়। বিকাল পর্যন্ত অপেক্ষার পর তার দরখাস্তটিও ফেরত দেয়া হয়। এসময় ওই শিক্ষার্থী আরো বলেন, স্বল্প সময়ে তো বোর্ড থেকে কাগজপত্র তোলা সম্ভব না। আবেদন করেছি। কিন্তু এদিকে তো ভর্তির তারিখ শেষ হয়ে যাবে।
এদিকে বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলি আজগর চৌধুরী এসে অনশন ভাঙ্গিয়ে রহমতকে অফিসে নিয়ে যান। পরে রোববার কাগজপত্র নিয়ে দেখা করতে বলেন।
একই সমস্যার কারণে মৌখিক সাক্ষাৎকারে অংশ নিতে পারেনি আরো পাঁচজন শিক্ষার্থী।
এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর আলি আজগর চৌধুরী জানান, আগামী রোববারের মধ্যে রহমত উল্লাহকে তার বোর্ডে একটা আবেদন করতে বলা হয়েছে। বোর্ড থেকে আবেদন মঞ্জুরির যে কাগজপত্র দিবে সেটা নিয়ে দেখা করতে বলা হয়েছে। আমরা তখন মিটিংয়ে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।