১২ দেশের গবেষক নিয়ে গ্রিন ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন

২৪ ডিসেম্বর ২০১৯, ০১:৫০ PM

© টিডিসি ফটো

দুই দিনব্যাপী ‘সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি ৪.০’ শীর্ষক এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নিয়ে ঢাকায় বসেছে ১২ দেশের পাঁচ শতাধিক গবেষকের মিলনমেলা।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পূর্বাচল আমেরিকান সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, চীন ও জাপানসহ বিশ্বর ১২টি দেশের কয়েক শতাধিক গবেষক ও প্রফেসররা অংশ নিয়েছেন। সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ২০৭টি গবেষণা প্রবন্ধের মধ্য থেকে বাছাইকৃত ৭৯টি প্রবন্ধ মৌখিকভাবে এবং ৩৬টি প্রবন্ধ পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করার কথা রয়েছে।

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ফ্লোরিডার আইইইই ফেলো এবং ইইই প্রফেসর ড. মুহাম্মদ এইচ রশিদ, আইইইই ফেলো ও যুক্তরাষ্ট্রের মিসৌরি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রফেসর সজল কে দাস, আইইইই বিডিএস চেয়ার ও বুয়েট প্রফেসর ড. সেলিয়া শাহনাজ প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত হলেও এর সফলতা মূলত কৌশলগত প্রচেষ্টার ওপর নির্ভর করছে। সঙ্গত কারণেই আমাদের টেকনোলজি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। তবে চতুর্থ শিল্প বিপ্লব একটি বৈশ্বিক বাস্তবতা, না চাইলেও আমাদের এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশে জোর দিয়েছি, তাই এটাকে মূল ধরেই শিক্ষিত সমাজের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো গেলে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা কঠিন হবে না। এ সময় তিনি বাংলাদেশি গ্রাজুয়েটদের স্কলারশিপসহ উচ্চশিক্ষা নিশ্চিতে জাপান, অস্ট্রেলিয়া, চীনসহ বিভিন্ন দেশে পাঠানোর বড় প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের ফসল হিসেবে ইতোমধ্যেই বাংলাদেশে নানা পরিবর্তন এসেছে। তবে এই পরিবর্তন কেবলই সূচনা। কেননা চীন, তাইওয়ান এবং ভিয়েতনাম যেখানে কলকারখানায় রোবট পর্যন্ত স্থাপন করেছে, সেখানে আমরা ওই অর্থে চিন্তাও করতে পারিনি। স্বভাবতই বাংলাদেশের আরএমজি খাত এখন হুমকির মধ্যে। শুধু আরএমজি খাত নয়, আগামী ১০ বছরে ডিজিটাল বিপ্লবের ফলে আমরা সব ক্ষেত্রে এমন সব পরিবর্তনের মুখোমুখি হতে যাচ্ছি, যা এর আগে ৫০ বছরেও সম্ভব হয়নি। তাই ডিজিটাল বাংলাদেশের সুবিধা পেতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলাই বাংলাদেশের মূল লক্ষ্য।

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, একুশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার শর্তই হলো টেকনোলজিক্যাল জ্ঞান। তবে প্রযুক্তি ও অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক সহজ নয়। এ সম্পর্ক সবসময়ই জটিল হিসেবে বিবেচিত হয়ে এসেছে। এটাকে মোকাবেলা করতে পারলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। বাংলাদেশ হয়ে উঠবে উন্নত ও স্বনির্ভর। তিনি বলেন, গ্রিন ইউনিভার্সিটি শুধু শিক্ষার্থীদের গ্রাজুয়েট হিসেবেই তৈরি করে না, তাদের নৈতিক বোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ার পাশাপাশি প্রযুক্তি জ্ঞানে দক্ষ হিসেবেও গড়ে তোলে।

সম্মেলনের জেনারেল চেয়ার ও গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বিগত কয়েক বছরে মানুষের জীবনযাত্রায় এতটাই পরিবর্তন আসছে, যা মানুষ আগে কল্পনাও করেনি। তাছাড়া ডিজিটাল বাংলাদেশের সুবিধা পেতেও শিল্প বিপ্লবের এই চ্যালেঞ্জ মোকাবেলা বাংলাদেশের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। মূলত সেই চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যেই ‘সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি ৪.০’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত গবেষকরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, রোবটিক্স অ্যান্ড সাইবার-ফিজিক্যাল সিস্টেমের ক্ষেত্রে উদ্ভাবিত গবেষণার ফলাফল ও শিল্প প্রদর্শন করেন।

এসব গবেষণা শুধু চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে এগিয়ে যাওয়াই নয় বরং স্নাতকদের দক্ষতার মান বাড়াতে শিক্ষা ও শিল্পের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্মেলনে মোট তিনটি পৃথক টেকনোলজি তথা ইন্টেলিজেন্ট কম্পিউটিং, নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি সিস্টেমস, ইলেকট্রনিক্স, পাওয়ার অ্যান্ড কমিউনিকেশন সিস্টেমস এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংকে প্রাধান্য দেয়া হচ্ছে। সম্মেলন পরবর্তী সময়ে শিক্ষার্থী ও গবেষকদের গবেষণা প্রবন্ধগুলো আইইইই এক্সপ্লোর ডিজিটাল লাইব্রেরিতে স্থান পাবে।

সীমিত পরিসরে রাফাহ সীমান্ত খুলে দিল ইসরায়েল
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিনে ১,৩৫০ মেট্রিক টন চাল আমদানি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আকিজ বশির গ্রুপে চাকরি, আবেদন শেষ ১২ ফেব্রুয়ারি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষা আইনের খসড়া প্রকাশ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ইসলামী ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬