প্রেসিডেন্সি ইউনিভার্সিটি © টিডিসি ফটো
আধুনিক ওয়েব ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও ওপেন সোর্স প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ও ২৬ অক্টোবর রাজধানীর গুলশানে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে কর্মশালা ও প্রযুক্তি সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তত্ত্বাবধানে পিইউ সাইবার সিকিউরিটি ক্লাব (পিইউসিএসসি) ও পিইউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাবের (পিইউএআইসি) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে কারিগরি সহযোগিতা দেয় আন্তর্জাতিক ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট।
লার্ন, বিল্ড, গ্রো ওপেন সোর্স, ওয়েব ডেভেলপমেন্ট, এআই, ক্যারিয়ার অ্যান্ড কমিউনিটি প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল শিক্ষার্থীদের হাতে-কলমে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো এবং আন্তর্জাতিক ওপেন সোর্স কমিউনিটি ও কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করা। বিশ্বের ৪৩ শতাংশের বেশি ওয়েবসাইটে ব্যবহৃত ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৭০ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। প্রস্তুতিমূলক কার্যক্রম হিসেবে তারা ওয়ার্ডপ্রেস ডট অর্গ, স্ল্যাক, গ্র্যাভাটার, লার্ন ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেন।
আরও দেখুন: ৩৫ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেবে নজরুল বিশ্ববিদ্যালয়, আবেদন ১৯ নভেম্বর পর্যন্ত
প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের সিএসই কম্পিউটার ল্যাবরেটরিতে অর্ধশতাধিক বাছাইকৃত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে হাতে-কলমে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ডপ্রেস এডুকেশন অ্যাডমিন ও মেন্টর মুহিবুল হক ওপেন সোর্স কন্ট্রিবিউশন, ডব্লিউপি ক্রেডিটস এবং আন্তর্জাতিক কমিউনিটিতে যুক্ত হওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।
অন্য সেশনে সিঙ্গাপুরভিত্তিক টেন-জিবির ওয়েব ডেভেলপার ও ওয়ার্ডপ্রেস অ্যাক্সেসিবিলিটি টিমের প্রতিনিধি নাসিম মিয়া ওয়েবসাইট তৈরি, ব্লক কাস্টমাইজেশন, ফুল সাইট এডিটিং এবং ল্যান্ডিং পেজ প্রকাশের কৌশল শেখান।
দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রযুক্তি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন আয়োজনের প্রধান সমন্বয়ক, সিএসই বিভাগের প্রভাষক, সহকারী প্রক্টর ও পিইউ সাইবার সিকিউরিটি ক্লাবের মডারেটর মোস্তফা কামাল সাগর। এ সময় বক্তব্য দেন সিএসই বিভাগের প্রভাষক ও পিইউ এআই ক্লাবের মডারেটর মো. মিনহাজুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। বক্তারা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও বাস্তবভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
আরও দেখুন: চলছে ৫০ বেসরকারি চাকরির আবেদন, এক নজরে দেখুন সব বিজ্ঞপ্তি
সিম্পোজিয়ামে পাঁচটি বিশেষ কারিগরি সেশন অনুষ্ঠিত হয়। মুহিবুল হক ওয়ার্ডপ্রেসে আন্তর্জাতিক ক্যারিয়ারের সুযোগ নিয়ে আলোচনা করেন। নাসিম মিয়া আধুনিক ওয়েব প্রযুক্তিতে ওয়ার্ডপ্রেসের ব্যবহার তুলে ধরেন। ডব্লিউপিরিওরের হেড অব মার্কেটিং এবং ভিজিবলএসইও লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল আসিফ এআইয়ের যুগে চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন ও প্রজেক্ট পোর্টফোলিও তৈরির কৌশল নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া সিএসই বিভাগের প্রভাষক প্রান্ত দেব ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি) ও ট্রান্সফরমার আর্কিটেকচার নিয়ে সেশন পরিচালনা করেন। মোস্তফা কামাল সাগর শিক্ষা, গবেষণা ও সফটওয়্যার ডেভেলপমেন্টে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার তুলে ধরেন।
আরও দেখুন: ৫ম থেকে ১০ম গ্রেডে কর্মকর্তা নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মূল্যায়ন কুইজ অনুষ্ঠিত হয়। এতে প্রথম তিন স্থান অর্জনকারীকে পুরস্কার ও ক্রেস্ট দেওয়া হয়। অতিথি বক্তাদের সম্মাননা জানানোর পাশাপাশি আয়োজন সফল করতে অবদান রাখায় মোস্তফা কামাল সাগর, মো. মিনহাজুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সকে (ওএসএ) বিশেষ সম্মাননা দেওয়া হয়। পরে অংশগ্রহণকারী ও স্বেচ্ছাসেবকদের মধ্যে সনদপত্র ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।
আয়োজনের একাডেমিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মীর মোহাম্মদ আজাদ। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজর অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির। ওয়ার্ডপ্রেস কমিউনিটি কো-অর্গানাইজার হিসেবে সহযোগিতা করেন মুহিবুল হক, নাসিম মিয়া ও রাশেদ হোসেন।
আরও দেখুন: ১৩ থেকে ১৬তম গ্রেডে ২২ পদে কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আয়োজনটির গ্লোবাল কমিউনিটি স্পন্সর ছিল ওয়ার্ডপ্রেস ডট কম, উ, অটোম্যাটিক, হোস্টিঙ্গার, ব্লুহোস্ট, জেটপ্যাক।
আয়োজকদের আশা, এ উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রযুক্তি শিক্ষা, আন্তর্জাতিক ওপেন সোর্স কমিউনিটিতে অংশগ্রহণ এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।