বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত © সংগৃহীত
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি)-এ শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ওয়ার্কশপ অন ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) নীলফামারীর সৈয়দপুরে বিশ্ববিদ্যালয়টির সেমিনার হলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং বিএইউএসটি অ্যাকাউন্টিং ক্লাবের (বিএসি) যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। এসময় বক্তারা পুঁজিবাজারের মৌলিক ধারণা, বিনিয়োগের সুযোগ ও ঝুঁকি এবং সচেতন ও দায়িত্বশীল বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এতে শিক্ষার্থীরা পুঁজিবাজারের কার্যক্রম এবং বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেছেন।
একইসঙ্গে এ কর্মশালা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের সঙ্গে বাস্তবমুখী দক্ষতার সমন্বয়, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ বিনিয়োগ ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা বিকাশে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।
কর্মশালায় অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রাকিবুল ইসলামের সভাপতিত্ব করেন। সেশনটি পরিচালনা করেন বিআইসিএমের সহযোগী অধ্যাপক মো. ফয়সাল আহমেদ খান এবং প্রভাষক ইমরান মাহমুদ। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মোঃ শামীম রেজা (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অবঃ), বিভিন্ন অনুষদের ডীন, বিভাগ ও দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থীরাসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি বিশেষায়িত প্রতিষ্ঠান, যা পুঁজিবাজার বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় কাজ করে। প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথভাবে এ কর্মশালা আয়োজনের ফলে শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি আর্থিক খাতের পেশাগত সম্ভাবনা সম্পর্কেও ধারণা লাভের সুযোগ সৃষ্টি হবে।