এনএসইউর ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের ২০ বছর পূর্তি © সংগৃহীত ছবি
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস সম্মেলন (আইসিপিএস ২০২৬) ও ‘সিটি ব্যাংক প্রেজেন্টস ফার্মা ফেস্ট ২০২৬’-এর ১৩তম আসর সম্পন্ন করেছে। গত ১২ অক্টোবর তিন দিনব্যাপী এ আয়োজন শেষ হয়। সম্মেলনে ১১টি দেশের ৩০ জন আন্তর্জাতিক বক্তা, গবেষক ও অনুসন্ধানী গবেষকসহ শিক্ষাবিদ ও গবেষকেরা অংশ নেন। এতে ওষুধবিজ্ঞানের উদ্ভাবন ও বৈশ্বিক স্বাস্থ্য উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অন্যদিকে, ফার্মা ফেস্টে বিভিন্ন শিক্ষামূলক ও সহশিক্ষা কার্যক্রমের প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও টেকসই উন্নয়ন বিষয়ে সচেতনতা তুলে ধরা হয়। ফার্মা ফেস্টের আয়োজনের সহ-উদ্যোক্তা ছিল জিহু সিএফমোটো।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জনাব রাব্বুর রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান ও সম্মেলনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন শাহরিয়ার, সম্মেলনের সহসভাপতি ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ার ফ্যাকাল্টি অব ফার্মেসির ডিন ড. নুসাইবাহ আবদুল রহিম, এনএসইউর স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব রাব্বুর রেজা বলেন, ওষুধবিজ্ঞানে উদ্ভাবনের প্রকৃত সার্থকতা নির্ভর করে সেই উদ্ভাবন মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না এবং মানুষের জীবন উন্নয়নে ভূমিকা রাখছে কি না, তার ওপর। তিনি বলেন, “যেকোনো উদ্ভাবন, আবিষ্কার বা গবেষণার প্রকৃত মূল্যায়ন করতে হলে তিনটি প্রশ্নের উত্তর জানতে হবে, মানুষ সেটি কেনার সামর্থ্য রাখে কি না, সেটি পাওয়ার সুযোগ আছে কি না এবং তা কারও জীবন বদলে দিতে পারে কি না। ওষুধবিজ্ঞান শুধু বৈজ্ঞানিক উৎকর্ষের বিষয় নয়; বরং এর মাধ্যমে কত মানুষের জীবন উন্নত করা যায় এবং কত মানুষের কাছে পৌঁছানো যায়, সেটিই গুরুত্বপূর্ণ।”
সম্মেলনে অংশগ্রহণকারী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “সব অংশগ্রহণকারী, আয়োজক ও সহযোগীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ১১টি দেশের প্রতিনিধিত্ব এবং ৩০ জন আন্তর্জাতিক বক্তা, গবেষক ও অনুসন্ধানী গবেষকের অংশগ্রহণ আইসিপিএস ২০২৬-কে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা এবং বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত করেছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সম্মেলনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন শাহরিয়ার, সহসভাপতি ড. নুসাইবাহ আবদুল রহিম এবং বিশেষ অতিথি অধ্যাপক দীপক কুমার মিত্র ও অধ্যাপক নেছার ইউ. আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাবের (এনএসইউপিসি) ফ্যাকাল্টি উপদেষ্টা অদিত মুক্তাদির পাভেল। পরে সম্মেলন ও ফার্মা ফেস্টের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
এনএসইউর ফার্মাসিউটিক্যাল ক্লাব ও ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের যৌথ আয়োজনে ফার্মা ফেস্ট ২০২৬-এ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক ও অলিম্পিয়াড, পোস্টার উপস্থাপনা, স্টল প্রদর্শনী, ফার্মা ওয়াক এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে সংগীত পরিবেশন করেন প্রীতম হাসান।
ফার্মা ডিবেট ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি ‘বি’ দল। দলের সদস্য ছিলেন রুবাবা হাফিজ শশী, আরশা রশিদ ও ফাহমিদা আফসান চৌধুরী। ফাইনালে সেরা বিতার্কিক নির্বাচিত হন আরশা রশিদ। লামিসা নুসরাত, সারা জুবায়ের ও আহমেদ ইব্রাহিমের সমন্বয়ে গঠিত এনএসইউ ‘এ’ দল প্রথম রানার-আপ এবং ইউসুফ ইব্রাহিম
খান, জানিতা ইসলাম জারিন ও সাদিয়া জাহান তাসমিমের সমন্বয়ে গঠিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটির (ইউআইইউ) ‘এ’ দল দ্বিতীয় রানার-আপ হয়েছে।
ফার্মা অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছে এনএসইউ ‘এ’ দল। দলের প্রতিনিধিত্ব করেন ফাহিম বিন হামিদ তামাল ও নাফিসা নওয়াল। সাদিয়া ইশরাক রিদা ও মো. আসিফ আকতাব চৌধুরীর সমন্বয়ে গঠিত এনএসইউ ‘বি’ দল প্রথম রানার-আপ হয়েছে। এ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দলটির প্রতিনিধিত্ব করেন চয়ন কুর ও সালমা জাফরিন।
ফার্মা ফেস্ট স্টল প্রদর্শনী ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে ফারম্যাট্রিক্স (PharMatrix)। দ্বিতীয় স্থান অর্জন করেছে অ্যাকুনোভা (AcuNova) এবং তৃতীয় হয়েছে দ্য কার্বন কিউর (The Carbon Cure)। আইসিপিএস ২০২৬ গত ১০ থেকে ১২ অক্টোবর ‘বৈশ্বিক স্বাস্থ্য উন্নয়নে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসে উদ্ভাবন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয়। এনএসইউর ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ার ফ্যাকাল্টি অব ফার্মেসি যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে। অন্যদিকে, ফার্মা ফেস্ট ২০২৬-এর প্রতিপাদ্য ছিল ‘টেকসই উন্নয়ন’ এবং স্লোগান ছিল ‘আজ সংরক্ষণ করি, আগামীতে সমৃদ্ধ হই’।
ফার্মা ফেস্টের টাইটেল স্পনসর ছিল দ্য সিটি ব্যাংক পিএলসি. এবং কো-স্পনসর জিহু সিএফমোটো (ZEEHO
CFMOTO)। প্লাটিনাম স্পনসর ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডায়মন্ড স্পনসর হিসেবে ছিল এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি. ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অলিম্পিয়াডের স্পনসর ছিল রেনাটা পিএলসি. এবং বিতর্ক প্রতিযোগিতায় সহযোগিতা করে ডিবিএল ফার্মা। গোল্ড স্পনসর ছিল ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও স্টাডি নেট। সিলভার স্পনসর হিসেবে ছিল হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এপেক্স ফার্মা লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।