রাজধানীর শের-ই বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত
ছাত্রদলের নেতৃত্বে ‘গণঅভ্যুত্থানের’ মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি হবে বলে আশাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শের-ই বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন,বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়-অবৈধভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। তাকে জামিনেরও সুযোগ দেওয়া হচ্ছে না। তাকে মুক্ত করার জন্য তীব্র আন্দোলন গড়ে তুলবে ছাত্রদল। সে আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতার যে ঐক্য সৃষ্টি হবে তা একদিকে খালেদা জিয়াকে মুক্ত সম্ভব হবে।
.jpg?1577777261739)
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে রক্ষা করার জন্য ছাত্রদল তাদের ভবিষ্যৎ কর্মপন্থাকে আরও বেগবান ও শক্তিশালী করবে। আজকে খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে এবং তাকে ন্যূনতম আইনগত সুযোগ দেওয়া হচ্ছে না। তাকে মুক্ত করার জন্য তীব্র আন্দোলন গড়ে তুলবে ছাত্রদল। সে আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতার যে ঐক্য সৃষ্টি হবে তা একদিকে খালেদা জিয়াকে মুক্ত করতে সক্ষম হবে, অন্যদিকে গণতন্ত্রকে মুক্ত করতে সক্ষম হবে। একইসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কাজ করবে।
এদিকে এবার ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জনগণের কাছে পৌঁছানোর জন্য অংশ নিচ্ছে বলেও জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কখনোই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এরপরও গণতান্ত্রিক উপায়ে আমরা রাজনীতি করি বলে জনগণের কাছে পৌঁছানোর জন্য এটাকে আমরা একটা পন্থা হিসেবে নিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।