খালেদা জিয়ার কথায় ছেড়েছিলেন বিশ্বব্যাংকের চাকরি, দেশের রাজনীতিতে এমন স্কলার দ্বিতীয় কেউ নেই

১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ PM
সদ্য পদত্যাগ করা বিএনপির এমপি ড. ওসমান ফারুক

সদ্য পদত্যাগ করা বিএনপির এমপি ড. ওসমান ফারুক © সংগৃহীত

অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির এমপি ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের ৫ম অধিবেশনে তার পদত্যাগের বিষয়টি সংসদকে অবগত করে উক্ত সংসদীয় আসনকে শূন্য ঘোষণা করেন স্পিকার মেজর হাফিজ আহমেদ বীর বিক্রম। তার পদত্যাগের খবর চাউর হতেই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

সংসদে স্পিকার জানান, অসুস্থতার কারণ দেখিয়ে গত ১৫ নভেম্বর স্পিকারের কাছে নিজের পদত্যাগ জমা দিয়েছেন ড. ওসমান ফারুক। আর সেটা বিধিবদ্ধ হওয়ায় স্পিকার তা গ্রহণও করেন। ফলে কার্যত ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসনের ওই আসন ফাঁকা হয়ে গেছে বলে গণ্য হবে বলে জানিয়েছেন স্পিকার। এদিকে তার পদত্যাগ করার খবর প্রকাশ হলে দেশের রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে কৃষি অর্থনীতিতে মাস্টার্স ও কর্নেল বিশ্ববিদ্যালয়ের মত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ড. ওসমান ফারুক। পড়াশোনা শেষ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন তিনি। সেখান থেকে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা (সিনিয়র স্টাফ) হিসেবে কাজ করেন তিনি। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন তিনি।

২০০১ সালে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-৪ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন ড. ওসমান ফারুক। একই বছরের ১০ অক্টোবর খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার–দলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। পরে দেশের রাজনৈতিক পালাবদল হলে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। 

আট বছর প্রবাসে থাকার পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবারও সক্রিয় রাজনীতিতে যুক্ত হন ওসমান ফারুক। তাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

জানা গেছে, নির্বাচনের আগে তার মনোনয়ন নিয়ে বিএনপির অভ্যন্তরেও মতবিরোধ দেখা দিয়েছিল। দলের স্থানীয় কয়েকটি পক্ষ তার মনোনয়ন বাতিলের দাবিতেও সরব হয়েছিল। তবে শেষপর্যন্ত দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেন তিনি। স্থানীয় রাজনৈতিক নেতাদের দাবি, শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণে দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকায় তার নিয়মিত উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। তাতে অনেকের ধারণা দলের অভ্যন্তরীণ কোন্দল থেকেই পদত্যাগ করেছেন তিনি। 

তার পদত্যাগকে বিএনপি সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত বলে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাবির পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লিখেন, ‘সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ড. ওসমান ফারুক। বিএনপি শুধু না বাংলাদেশের রাজনীতিতে আমার ধারণা একমাত্র স্কলার যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে কৃষি অর্থনীতিতে মাস্টার্স ও কর্নেল বিশ্ববিদ্যালয়ের মত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করেন।’

তিনি আরও লিখেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন। আর তারেক রহমানের অবহেলায় সংসদ সদস্য পদ ছাড়েন। এই সরকারে শিক্ষাদীক্ষায় উঁচু মানের তেমন গুণী মানুষ পাবেন না। পদত্যাগ করতেও হেডম লাগে যা আমাদের দেশের রাজনীতিবিদদের নাই। বরং পদ পাওয়ার জন্য ঘুষ দেওয়া থেকে শুরু করে এহেন হীন কাজ নাই যা করে না।’

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে রাজনীতিতে জড়ানো ও খালেদা জিয়ার সঙ্গে নিজের পরিচয় নিয়ে গণমাধ্যমে কথা বলেছিলেন ড. ওসমান ফারুক। সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথায় বিশ্ব ব্যাংকের সিনিয়র স্টাফের চাকরি ছেড়ে দেওয়া নিয়ে বলেছিলেন, ‘ঢাকায় এলে তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সালাম দিতেন। একপর্যায়ে তার মনে হয়, খালেদা জিয়া হয়তো তাকে ঢাকায় এসে সরকারের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহী। সেই সূত্রেই বিশ্বব্যাংকের চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

চাকরি ছাড়ার সিদ্ধান্তের বিষয়ে ড. ফারুক বলেন, তাকে তিন বছরের ছুটি নিয়ে দেশে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। তার কড়া জবাব, ‘আমি কখনো দুই নৌকায় পা দিই না। যদি আসি, চাকরি ছেড়েই আসব।’

ওসমান ফারুক জানান, বেগম খালেদা জিয়া তাকে বিএনপিতে যোগ দিতে উৎসাহিত করেছিলেন। তবে কখনো মন্ত্রী বানানোর বা কোনো পদ দেওয়ার প্রতিশ্রুতি দেননি। তিনি খালেদা জিয়াকে অত্যন্ত গম্ভীর স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করেন।

রাজনীতিতে যোগ দেওয়ার পর ২০০১ সালের নির্বাচনে অংশ নেন ওসমান ফারুক। রাজনীতিতে আসার সিদ্ধান্তকে জীবনের সবচেয়ে আনন্দময় অধ্যায়গুলোর একটি বলে মন্তব্য করেছিলেন সাবেক এই শিক্ষামন্ত্রী। তার মতে, বিশ্বব্যাংকের চাকরি কিংবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার তুলনায় মন্ত্রিত্ব এমন একটি দায়িত্ব, যেখানে ইচ্ছা করলে মানুষের জন্য অনেক ভালো কাজ করার সুযোগ রয়েছে। 

তবে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ৮ মাস পরে নিজের পদ ছেড়ে দিয়েছেন সাবেক এই শিক্ষামন্ত্রী। মঙ্গলবার জাতীয় সংসদের ৫ম অধিবেশনের স্পিকার মেজর হাফিজ উদ্দীন আহমেদ তার পদত্যাগের বিষয়টি জানান। তিনি বলেন, স্পিকার যখন পদত্যাগপত্র পান, তখন থেকে ওই সদস্যের আসন শূন্য হবে। এ অবস্থায় ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ–৩ আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে অবহিত করা হলো।

তারেক রহমানের অবহেলায় সংসদ সদস্য পদ ছেড়েছেন ড. ফারুক, ঢাবি …
  • ১৭ নভেম্বর ২০২৬
খালেদা জিয়ার কথায় ছেড়েছিলেন বিশ্বব্যাংকের চাকরি, দেশের রাজন…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিট…
  • ১৭ নভেম্বর ২০২৬
টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণের অবস্থান
  • ১৭ নভেম্বর ২০২৬
রাবির কোন বিভাগে ভর্তিতে কী যোগ্যতা লাগবে, শর্তাবলির বিজ্ঞপ…
  • ১৭ নভেম্বর ২০২৬
সংসদে হাদি হত্যার বিচার চেয়ে কাঁদলেন জামায়াত এমপি মাসুদ
  • ১৭ নভেম্বর ২০২৬