যে কারণে পদত্যাগ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী

১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ PM
সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক

সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক © সংগৃহীত

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র দিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন ওসমান ফারুক। এতে শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সংসদ সচিবালয় সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই সংসদ সদস্য। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও অংশ নিতে পারেননি তিনি। ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন ওসমান ফারুক।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। ওই সময় বিএনপি সরকারের শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরিজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে ১৯৬৩ সালে মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএআইডির ফেলোশিপ কর্মসূচিতে অংশ নেন তিনি। ১৯৬৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ১৯৭০ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ট্যাগ: পদত্যাগ
কারিগরি বোর্ডে মেডিকেল টেকনোলজি চালুর দাবি এমপির, প্রতিবাদ …
  • ১৭ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্ন এনসিটিবির বইয়ের আলোকে, যা আছে স…
  • ১৭ নভেম্বর ২০২৬
ভিনির হ্যাটট্রিকে দাপুটে প্রথমার্ধ ব্রাজিলের
  • ১৭ নভেম্বর ২০২৬
‘এক কিলোমিটারও হয় না চাঁদা বসায়া দেয়’— সংসদে বিএনপি এমপির ক…
  • ১৭ নভেম্বর ২০২৬
যে কারণে পদত্যাগ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী
  • ১৭ নভেম্বর ২০২৬
অনিবন্ধিত কোনো অনলাইন নিউজ পোর্টাল কাজ করতে পারবে না: তথ্য …
  • ১৭ নভেম্বর ২০২৬