৭ নভেম্বর উপলক্ষে বিএনপির নানা কর্মসূচি ঘোষণা

২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৬ PM
কর্মসূচি উপলক্ষে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন

কর্মসূচি উপলক্ষে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন © সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশব্যাপী নানা কর্মসূচি পালন করবে বিএনপি। এদিন সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে। সকাল ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন দলটির নেতাকর্মীরা। এ ছাড়া কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে।

দিবসটি উপলক্ষে আগামী ৬ নভেম্বর কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে বিএনপির। পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে পোস্টার প্রকাশ, চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের আগে বাকশাল, রাজনৈতিক দ্বন্দ্ব ও রক্তক্ষয়ী ঘটনার মধ্য দিয়ে দেশ চরম অনিশ্চয়তার মুখে পড়েছিল। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা থেকেই ওই বিপ্লবের পটভূমি তৈরি হয়।

তিনি বলেন, সিপাহী-জনতার সম্মিলিত স্রোতের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিপ্লবের মহানায়ক হিসেবে আবির্ভূত হন। তাঁর ভাষ্য অনুযায়ী, ৭ নভেম্বরের পর দেশে বহুদলীয় গণতন্ত্র, মুক্তকণ্ঠে কথা বলার অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসে। বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রগুলো পুনরায় চালু হয় এবং রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পায়।

বিএনপির এই নেতা আরও দাবি করেন, ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনা পরবর্তী সময়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনেও প্রেরণা জুগিয়েছে, যা ফ্যাসিবাদের পতনে ভূমিকা রেখেছে।

সংবাদ সম্মেলনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, পরাজিত ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করে দেশে অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যারা পরাজিত শক্তির সঙ্গে হাত মেলাবে, তারা জনগণের কাছে চিহ্নিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, যারা দেশকে রক্তাক্ত পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল, তাদের সঙ্গে হাত মিলিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে এর দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। ককটেল বিস্ফোরণসহ যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন এমপি, আব্দুস সালাম আজাদ এমপি, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ইমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, যুবদল সভাপতি মোনায়েম মুন্না, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ডি-থ্রি টুর্নামেন্টের নিলাম শেষে কেমন হলো ৬ দলের স্কোয়াড
  • ২৬ অক্টোবর ২০২৬
সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর
  • ২৬ অক্টোবর ২০২৬
মেহেরপুর জেলা পরিষদ কার্যালয় নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন …
  • ২৬ অক্টোবর ২০২৬
ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগান, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা আটক 
  • ২৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে জাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
  • ২৬ অক্টোবর ২০২৬
স্কুলের অনুমোদন দিতে ‘১০০ কোটি ঘুষ’, সাবেক শিক্ষামন্ত্রীকে …
  • ২৬ অক্টোবর ২০২৬