ঈদের পরেই ছাত্রদলের কমিটি, পদ চান ‘সিনিয়ররা’

০১ জুন ২০১৯, ০৭:২২ PM

আড়াই বছর পার হয়েছে জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের বর্তমান কমিটির বাড়তি মেয়াদ। এ অবস্থায় নতুন কমিটি গঠনে তোড়জোড় শুরু হয়েছে। আসন্ন ঈদের পরে কমিটি ঘোষণা হতে পারে। এবার শীর্ষ পদে আসতে পদপ্রত্যাশীদের গোপনে চলছে গ্রুপিং-তৎপরতা।

অন্যদিকে সংগঠনটির শীর্ষ নেতৃত্বে ‘নিয়মিত’ ছাত্র থাকলে তা দলের জন্য আত্মঘাতী হবে বলে মনে করছেন সংগঠনটির ‘সিনিয়র’ নেতারা। তাদের মতে, বয়সের সুনির্দিষ্ট সীমারেখা না রেখে সংগঠনের কমিটি গঠনের চিরাচরিত ঐতিহ্যকে (সিনিয়রদের দিয়ে) অনুসরণ করাই দলের জন্য মঙ্গলজনক হবে। এ বিষয়ে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধও করেছেন। শুক্রবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ছাত্রদলের বর্তমান কমিটির নেতাদের সঙ্গে স্কাইপে তারেক রহমানের বৈঠক চলার সময় তারা এই অনুরোধ জানান। এর আগে, গত ২৯ মে একই দাবিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও চিঠি দেন সংগঠনটির নেতারা।

শুক্রবারের বৈঠকে তারেক রহমানের উদ্দেশে একটি লিখিত বক্তব্য তুলে ধরেন ছাত্রদলের বর্তমান কমিটির এক নম্বর সহ-সভাপতি এজমল হোসেন পাইলট। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘পরোক্ষভাবে জানতে পেরেছি, দলীয় হাইকমান্ড নিয়মিত ছাত্রদের দিয়ে ছাত্রদলের শীষ নেতৃত্ব নির্বাচন করতে চায়। আমরা বিনয়ের সঙ্গে জানাতে চাই, আপনার যেকোনও সিদ্ধান্তই আমাদের শিরোধার্য। কিন্তু চলমান বাস্তবতায় এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত দলের জন্য আত্মঘাতী হতে পারে। একইসঙ্গে দীর্ঘমেয়াদি ক্ষতির কারণও হতে পারে।’

লিখিত বক্তব্যে পাইলট তিনটি দাবিও তুলে ধরেন। দাবিগুলো হলো-প্রথমত, বয়সের সুনির্দিষ্ট সীমারেখা না রেখে ছাত্রদলের কমিটি গঠনের চিরাচরিত ঐতিহ্যকে অনুসরণ করে একটি ধারাবাহিক কমিটি আগামী বছরের ১ জানুয়ারি পর্যন্ত গঠন করতে হবে। দ্বিতীয়ত, পরবর্তী সময়ে স্বল্পমেয়াদী একটি ধারাবাহিক কমিটি গঠন করতে হবে। তাহলে সংগঠন গতিশীল হবে বলেও তিনি দাবি করেন। তৃতীয়ত, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বর্তমান কেন্দ্রীয় সংসদের সঙ্গে বিশ্ববিদ্যালয়, মহানগর ও কলেজ কমিটির সমন্বয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠিত হলে সংগঠন আরও গতিশীল হবে।

এ বিষয়ে ছাত্রদলের সহ-সভাপতি আবু আতিক আল হাসান মিন্টু বলেন, যদি ‘নিয়মিত’ ছাত্রদের দিয়ে কমিটি হয়, তাহলে বর্তমান কমিটির নেতারা কোথায় যাবেন? এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত দলের জন্য আত্মঘাতী হতে পারে। তাই আমরা আগামী কমিটিতেও বয়সের সুনির্দিষ্ট সীমারেখা না রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ করেছি। তিনি আরও বলেন, তিনি (তারেক রহমান) আমাদের বক্তব্য শুনেছেন। আমাদের দাবিগুলোর পক্ষে যুক্তিও শুনেছেন। তবে কোনও সিদ্ধান্ত দেননি। পরবর্তী সময়ে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন।

জানা যায়, ২০১৪ সালের অক্টোবর রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি ঘোষণা করেছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দুই বছর মেয়াদি এই কমিটির মেয়াদ শেষ হয় ২০১৬ সালের অক্টোবর মাসেই। ফলে গত আড়াই বছরেরও বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে সংগঠনটির কার্যক্রম।

নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত মার্চ মাসে ছাত্রদলের কমিটি করতে সাবেক ছাত্র নেতাদের দিয়ে একটি সার্চ কমিটি করে দেন তারেক রহমান। গত কয়েক মাসে সার্চ কমিটি নেতারা নিজেদের মধ্যে ছাড়াও তারেক রহমানের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। কিন্তু তারা এখন পর্যন্ত ছাত্রদলের কমিটি নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

এ ব্যাপারে প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আসলে সার্চ কমিটি বলতে কিছু নেই। আমরা সাবেক ছাত্রনেতারা কয়েকটি বৈঠক করছি। সেখানে কী করলে ছাত্রদলের জন্য ভালো হবে তা নিয়ে আলোচনা করেছি। সিদ্ধান্ত দেওয়া মালিক তো আমরা নই। সিদ্ধান্ত দেবেন তারেক রহমান। কবে নাগাদ ছাত্রদলের কমিটি হতে পারে-এমন প্রশ্নের জবাবে এ্যানী বলেন, ঈদের আগে তো কমিটি করা সম্ভব নয়। ঈদের পরেই দ্রুত ছাত্রদলের কমিটি হবে।

ট্যাগ: ছাত্রদল
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬
অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬