বিএনপির স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কোপালেন মনোনয়ন পাওয়া দলের নেতারা

০৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ PM
আহত বিএনপি নেতা আবু রায়হান

আহত বিএনপি নেতা আবু রায়হান © সংগৃহীত

নাটোরের সিংড়ায় আবু রায়হান (৪৫) নামে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মনোনয়ন পাওয়া দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আহত আবু রায়হান উপজেলার সিংড়া হিজলি এলাকার অফিজ উদ্দিনের ছেলে। তিনি ইটালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। 

 স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের চেম্বারে রাজনৈতিক আলোচনা শেষে বাড়ি ফিরছিলেন রায়হান। পথে তাজপুর এলাকায় তাকে একা পেয়ে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থক যুবদল নেতা সোহানুর রহমান সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ ও রবিউল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিবলী নোমান বলেন, ‘আহত ব্যক্তির দুই পায়ের গোড়ালি একেবারে ভেঙে গেছে। তার বড় ধরনের অপারেশন প্রয়োজন। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আহত বিএনপি নেতা আবু রায়হান বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের অফিস থেকে বাড়ি ফিরছিলাম। পথে বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুর সমর্থক সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ, রবিউল আমাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে।’

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ বলেন, ‘ধানের শীষের প্রার্থী আনু সাহেবের লোকজন আমার কর্মীকে কুপিয়েছে। আহত আবু রায়হান বিগত ১৭ বছর দলের আন্দোলন-সংগ্রামে ছিল। তিনি একজন ত্যাগী নেতা। অপরদিকে যারা মেরেছে তারা হাইব্রিড বিএনপি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য।’

তবে অভিযোগের বিষয়ে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, ‘ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’ 

বাসের ভাড়া বাড়ল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬