© টিডিসি ফটো
ছাত্রদল নেতা, ছাত্রশিবির কর্মী ও মোটর সাইকেল চুরির মামলার আসামিদের নিয়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সেই পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্তি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, গঠনতন্ত্র পরিপন্থী কমিটি গঠন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ কমিটি বিলুপ্তি ঘোণষা করা হল।’
জানা যায়, দীর্ঘ ১৮ বছর পর ২ মার্চ সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। এ কমিটির অনুমোদন দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস. এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের।
কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে কমিটিতে অছাত্র, মাটি ব্যবসায়ী ও বিদেশ ফেরত শ্রমিক, ছাত্রদল নেতা, ছাত্রশিবির কর্মী ও মোটর সাইকেল চুরির মামলার আসামি স্থান পাওয়ায়। বিষয়টি নিয়ে বিষ্ময় প্রকাশ করেন বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে লিখিত প্রতিবাদও জানিয়েছেন তারা। এর পরপরই চারজনকে সংগঠনকে অব্যাহতি দেয় দক্ষিণ জেলা ছাত্রলীগ।
এদিকে, বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের নজরে আসলে তারা এ কমিটি বিলুপ্তি করার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।