উপরের বাঁ থেকে তাইফুল ইসলাম টিপু ও আমিরুল ইসলাম খান আলীম। নিচের বাঁ থেকে নুরুল ইসলাম নয়ন ও হাসান মামুন। © টিডিসি ফটো
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ছাত্রদলের একঝাঁক সাবেক নেতা। এরমধ্যে প্রথমবারের মতো ধানের শীষ পেলেন বেশ কয়েকজন। তবে তাদের অধিকাংশের আসনেই বিকল্প প্রার্থী রাখা হয়েছে। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে আজ থেকে দলীয় মনোনয়নপ্রাপ্তদের চিঠি দেওয়া শুরু করেছে বিএনপি।
সিরাজগঞ্জ-৫ থেকে প্রথমবারের মতো বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। বর্তমানে তিনি বিএনপির সহ-প্রচার সম্পাদক। তার আসনে ধানের শীষের বিকল্প প্রার্থী আবদুল্লাহ আল মামুন। নাটোর-১ থেকে বিএনপির মনোনয়ন চিঠি পেয়েছেন ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহবায়ক তাইফুল ইসলাম টিপু। বর্তমানে তিনি বিএনপির সহ-দফতর সম্পাদক। নাটের-১ আসনে ধানের শীর্ষের বিকল্প প্রার্থী কামরুন নাহার।
ধানের শীষ পাওয়া ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে পটুয়াখালী জেলার আধিপত্য লক্ষ্য করা গেছে। এরমধ্যে পটুয়ালী-২ থেকে বিএনপির মনোনয়ন চিঠি পেয়েছে ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ মুনির হোসেন। বর্তমানে তিনি বিএনপির সহ-দফতর সম্পাদক। ছিলেন ডাকসুর মিলনায়তন সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের ভিপি। পটুয়াখালী-২ আসনে শহিদুল আলম তালুকদার নামে আরও একজনকে দেয়া হয়েছে ধানের মনোনয়ন চিঠি। পটুয়াখালী-৩ থেকে ধানের শীষ পেয়েছেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাসান মামুন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এই আসন থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকেও মনোনয়ন চিঠি দেওয়া হয়েছে। তিনি আজই বিএনপিতে যোগদান করেছেন। পটুয়াখালী-৪ থেকে প্রথমবারের মতো বিএনপির মনোনয়ন পেয়েছেন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন। বর্তমানে তিনি বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।
ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. নুরুল ইসলাম নয়ন ভোলা-৪ থেকে প্রথমবারের মতো বিএনপির মনোনয়ন চিঠি পেয়েছেন। বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তার আসনে ধানের শীষের বিকল্প প্রার্থী দলের নির্বাহী কমিটির আরেক সদস্য সাবেক এমপি নাজিমউদ্দিন আলম।
ধানের শীষ প্রতীকে আগে নির্বাচন করা ছাত্রদলে সাবেক নেতাদের মধ্যে এবারও অনেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে ঢাকা-২ আসনে ছাত্রদলের সাবেক আহবায়ক আমানউল্লাহ আমান, ঢাকা-৯ অাসনে ছাত্রদলের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল রয়েছেন।