প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্থানের তারকা ও দেশটির জাতীয় দলের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। আজ শনিবার (১৩ জুন) তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে তাঁর করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
এসময় করোনা থেকে মুক্তির জন্য সবার নিকট দোয়া চাইলেন এই ক্রিকেট তারকা।
এর আগে জাতি-ধর্ম-বর্ণ সবরকমের ভেদাভেদ ভুলে সবার পাশে দাঁড়ানো বড় উদাহরণ হয়েছিলেন শহিদ আফ্রিদি। ধর্মীয় ভেদাভেদ ভুলে পাকিস্তানের একটি মন্দিরে খাদ্যসামগ্রী বিলি করেছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। করোনা মহামারির আগমনের পর থেকে নিজ দেশের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন আফ্রিদি।
নিজের প্রতিষ্ঠিত সংগঠন 'আফ্রিদি ফাউডেনশন'র মাধ্যমে দেশের কর্মহীন অভুক্ত মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। দেশের নানান প্রান্তে ঘুরে ঘুরে নিজ হাতে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিলি করেছেন সাবেক এই অধিনায়ক। সম্প্রতি নিজ দেশের একটি হিন্দু মন্দিরে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হন আফ্রিদি। সেখানেও নিজ হাতে অভুক্তদের মাঝে খাবার বিলি করেন তিনি।
এদিকে করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে নিজের সবচেয়ে প্রিয় ব্যাটটি নিলামে তুলেছিলেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম। আর পাকিস্তানের সাবেক এই অলাউন্ডারের 'শহীদ আফ্রিদি ফাউন্ডেশন' ২০ হাজার ডলারে ব্যাটটি কিনে নিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭ লাখ টাকার মতো।