এমপিওভুক্তিতে জটিলতা সৃষ্টি করা প্রধান শিক্ষকদের কপাল পুড়ছে

২২ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ AM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © এআই দিয়ে তৈরিকৃত ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্তৃপক্ষের প্রথম থেকে ৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পেলেও এমপিওভুক্ত হতে না পারা শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এ শিক্ষকদের এমপিওভুক্তিতে বাধা সৃষ্টিকারী প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হতে পারে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে এনটিআরসিএর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। বিকেল ৩টায় শুরু হওয়া সভা সন্ধ্যা ৬টার কিছু আগে শেষ হয়।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি এবং এনটিআরসিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, প্রথম থেকে ৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেলেও অনেক শিক্ষক এখনো এমপিওভুক্তি হতে পারেননি। কী কারণে তারা এমপিওভুক্ত হতে পারেননি সে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। এজন্য এমপিওভুক্ত হতে না পারা শিক্ষককে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকারের দিন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককেও সঙ্গে আসতে হবে। কাগজপত্র যাচাইয়ে সংশ্লিষ্ট শিক্ষকের কোনো দোষ না পাওয়া গেলে তাকে এমপিওভুক্তির সুপারিশ করা হবে।

সূত্রের তথ্য বলছে, কাগজপত্র সঠিক থাকার পরও এমপিওভুক্ত না হতে পারা শিক্ষকদের এমপিওভুক্তির ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান প্রধান বাধা সৃষ্টি করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হতে পারে। এক্ষেত্রে এমপিও বন্ধ হতে পারে প্রতিষ্ঠান প্রধানের।

এ বিষয়ে জানতে চাইলে সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১ম থেকে ৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েও বিভিন্ন জটিলতায় অনেক শিক্ষক এমপিওভুক্ত হতে পারেননি। এসব শিক্ষককে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ভাইভা বোর্ডে তাদের শিক্ষাগত সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট যাচাই করা হবে। সবকিছু সঠিক পাওয়া গেলে তাদের এমপিওভুক্তির জন্য সুপারিশ করা হবে।

তিনি আরও জানান, এমপিওবঞ্চিত শিক্ষকদের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরও ডাকা হবে। যাচাইয়ে যদি প্রার্থীর কোনো ত্রুটি না থাকে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে গাফিলতি প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে এমপিওবঞ্চিত শিক্ষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আওয়ামী সরকারের মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির সোহাগ
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬