আজমাইন আঞ্জুম নোয়েল © ফাইল ছবি
১০ বছর বয়সী আজমাইন আঞ্জুম নোয়েলকে উপজেলা ছাত্রলীগের সদস্য পদ দেয়ার ঘটনা নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। কুমিল্লার লালমাইকে উপজেলা ঘোষণার চার বছর পর এবারই প্রথম ওই উপজেলায় ছাত্রলীগের কমিটি দিয়েছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এই কমিটি প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ।
কমিটিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগরকে সভাপতি ও বাগমারা উত্তর ইউনিয়নের সহসভাপতিকে আরিফুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সদস্য পদ পেয়ে আলোচনায় এসেছে চতুর্থ শ্রেণির আজমাইন আঞ্জুম নোয়েল। তাকে নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়। সাধারণ সদস্যের তালিকায় ১০ বছরের ষষ্ঠ শ্রেণির ছাত্র আজমাইন আঞ্জুম নোয়েলের নাম রয়েছে।
তবে ছেলের বয়স ১২ বছর বলেও দাবি করেন বাবা কামাল। তিনি বলেন, 'বঙ্গবন্ধু ছাত্রলীগ করেছেন ১০ বছর বয়স থেকে। আমার ছেলের বয়স ১২ বছর। এই নিয়ে সমস্যা হবে না। আর যদি সমস্যা হয়, তাহলে আমি বিষয়টা সমাধান করব।'
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী শিপন তার ফেসবুকে লেখেন, 'চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কুমিল্লা লালমাই উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।'
এদিকে শিশুটির উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল। তিনি দাবি করেন, অতিউৎসাহী কারো জন্য অথবা ভুলবশত ওই ছেলের নামটা যোগ হয়েছে। বিষয়টা বুধবার দুপুরে নিশ্চিত হতে পেরেছেন তারা। এ বিষয়ে জেলা ছাত্রলীগ খুব শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা নেবে বলে জানান তিনি।