বৃদ্ধ বাবা ময়েজ উদ্দীন (৮০) © সংগৃহীত
ভরণপোষণ না দেয়ায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ৮০ বছরের এক অসহায় বাবা। সোমবার (৪ অক্টোবর) ছেলে মুনছের আলী (৩৫) ও পুত্রবধূ সুলতানা বেগমের (৩০) বিরুদ্ধে নিয়ামতপুর থানায় এ অভিযোগ দায়ের করেন পিতা ময়েজ উদ্দীন (৮০)।
উপজেলার পাঁড়ইল ইউনিয়নের দিঘীপাড়া (পশ্চিম পাহাড়) গ্রামের বাসিন্দা ময়েজ উদ্দীন জানান, শুধু দু’মুঠো ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার আশায় তিনি নিরুপায় হয়ে এ অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃদ্ধ ময়েজ উদ্দীনের স্ত্রী অনেক আগেই মারা গেছেন। স্ত্রী মারা যাওয়ার পর নিজেই রান্না করে খেতেন। কিন্তু বার্ধক্যজনিত কারণে বর্তমানে তিনি কর্মহীন হয়ে পড়েছেন। তার একমাত্র ছেলে কৃষি কাজ করে সংসার চালায়, কিন্তু তাকে কোন ভরণপোষণ দেন না। এই বয়েসেও তাই নিজেকে নিজের খাবার রান্না করে খেতে হয়। অনেক সময় রান্না করে খেতে না পেরে অভুক্তও থাকতে হয়।
ময়েজ উদ্দীন অভিযোগে জানান, যোগ্য কর্মক্ষম ছেলে থাকলেও না খেয়ে দিন কাটে তার। বয়সের ভারে এখন কিছুই করতে পারেন না তিনি। এই অবস্থায় সম্প্রতি তার ভরণপোষণ বন্ধ করে দিয়েছে ছেলে। পুত্রবধূর প্রতি আগে কিছুটা ভরসা করা গেলেও এখন সেও তার ছেলের মতোই আচরণ শুরু করেছে।
অভিযোগের বিষয়ে বৃদ্ধ ময়েজ উদ্দীন বলেন, শুনেছি সরকার নাকি বৃদ্ধ বাবা-মার ভরণপোষণ নিশ্চিত করতে আইন করেছে। সেই ভরসায় শুধু দু’মুঠো ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার আশায় ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছি।
তবে বাবার অবিযোগ ঠিক নয় বলে দাবি করেন ছেলে মুনছের আলী। তিনি বলেন, বাবার বয়স হয়েছে। সব সময় হয়ত তার চাহিদা পূরণ করতে পারি না। বাবা যে অভিযোগ করেছেন তা ঠিক না।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, তারা বৃদ্ধ ময়েজ উদ্দীনের অভিযোগটি পেয়েছেন। এ বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।