রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লোগো © ফাইল ছবি
২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আজ বৃহস্পতিবার (০১ জুলাই) আরএমপি পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক এক বার্তায় এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পদ্মার তীর ঘেঁষে গড়ে উঠা বরেন্দ্রভূমির মধ্যভূমি আধ্যাত্মিক সাধক হযরত শাহমখদুমের (রহঃ) এর স্মৃতি বিজড়িত রাজশাহী। মুক্তিযুদ্ধের অনন্য গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধারণ করে ১৯৯২ সালের ১ জুলাই ৪টি থানা ও ১০টি পুলিশ ফাঁড়ি নিয়ে আরএমপি যাত্রা শুরু করে।
তিনি বলেন, আজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ৩০ বছরে পদার্পণ করলো। বিভিন্ন অবস্থার সাথে তাল মিলিয়ে রাজশাহী মহানগর পুলিশ আইন-শৃংখলা রক্ষা, অপরাধ দমন, জনগণের জানমালের নিরাপত্তায় অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে।
করোনায় আরএমপি পুলিশের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, এই বৈশ্বিক মহামারীতেও নগরবাসীর দৌড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়া হচ্ছে। হ্যালো আরএমপি এ্যাপস, সাইবার ক্রাইম ইউনিট গঠন, ডিজিটাল ডাটাবেজ তৈরি এবং নগরজুড়ে সিসি ক্যামেরা স্থাপন করে এই মহানগরীকে নিরাপদ আবাসস্থল করতে নিরলস কাজ করে যাচ্ছে আরএমপি।