হাছান ইমাম © ফাইল ফটো
হেফাজতের হরতালে ঘোড়ায় চড়ে পিকেটিং করা সংগঠনটির কর্মী হাছান ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার মামলায় শুক্রবার মধ্যরাত রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার দুর্গম আমতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাঘাইছড়ি থানা পুলিশের ওসি আনোয়ার হোসেন খান হেফাজত সদস্য হাছান ইমামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৮ মার্চ হাছান ইমাম ঢাকায় হেফাজত ইসলামের হরতালের সময় ঘোড়ায় চড়ে পতাকা হাতে আন্দোলন করে এবং বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে। সে বাঘাইছড়ি আমতলী মাদরাসায় আত্মগোপনে ছিল।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, মাদরাসাটির কোনো নিবন্ধন নেই। দ্রুত মাদরাসাটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহের প্রধান শিক্ষক হাফেজ নাজমুল ইসলাম বলেন, ঢাকা থেকে আমার এক ভাই তাকে পাঠিয়েছিলেন বেড়াতে গত ২ দিন আগে। শুক্রবার গভীররাতে হঠাৎ তাকে ধরে নিয়ে যায় র্যাব। কেন বা কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে আমি জানি না।