© টিডিসি ফটো
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে রাষ্ট্রগুলো দিশেহারা। এদুর্যোগ থেকে বাঁচার উপায় হিসাবে সতর্কতা আর প্রতিরোধের বিকল্প নাই। এই কাজে মুখ্য ভূমিকা রয়েছে স্থানীয় জনপ্রতিনিধি তথা ইউপি চেয়ারম্যানদের। যে সময় দেশব্যাপী চাল চুরি, ত্রাণ বিতরণে অনিয়মের সংবাদে গণমাধ্যমে সয়লাব, সে মুহূর্তে ভিন্নধর্মী উদ্যোগের কারণে ভালো সংবাদের শিরোনাম হয়েছেন নোয়াখালী সদর উপজেলা ২০ নং আন্ডারচর ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আলী হায়দার বকশী।
সরকারি নির্দেশনা পালনে হাট বাজার, জনসমাগম বন্ধে ইউনিয়ন আনসার কমান্ডারের সহযোগিতায় আনসার ও গ্রাম পুলিশের সমন্বয়ে গঠন করেছেন ১৫ সদস্যের স্বেচ্চাসেবী দল। যারা প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত সরকারি নির্দেশনা পালনে মানুষকে উৎসাহিত করার পাশাপাশি নানা ধরণের সতর্কতা মূলক কাজ করে থাকেন।
এছাড়া সরকারি ত্রাণের সুষম বন্টনের জন্য বাড়ি বাড়ি গিয়ে সহায়হীনদের খোঁজ খবর নেওয়া, তালিকা প্রণয়ন, ত্রাণ পৌঁছে দেওয়া, হ্যান্ডমাইক নিয়ে সতর্কাতামূলক প্রচারণা সবকিছুই করছেন তিনি। সরেজমিন দেখা গেছে, স্বেচ্চাসেবী দলের তৎপরতায় বন্ধ হয়ে গেছে অপ্রয়োজনীয় আড্ডা, হাটবাজারে লোক সমাগম, মানুষের বিভিন্ন জট। ত্রাণ পাচ্ছেন কৃষক, জেলে থেকে শুরু মধ্যবিত্তরাও।
তার ব্যতিক্রমী কাজের প্রশংসা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান সরদারও। তিনি বলেন, সরকারি যেকোন নির্দেশনা পালনে বকশী সাহেব ভালো রেসপন্স করেন। আমরা সচিবদের মাধ্যমে কোনো নির্দেশনা জানালে তিনি ভালো ফিডব্যাক দেন। আনসার ও গ্রাম পুলিশের সমন্বয়ে তিনি যে স্বেচ্চাসেবী টিম গঠন করেছেন এটা অবশ্যই ভালো এবং প্রশংসার দাবিদার। এসময় প্রতিটি ইউনিয়নে জনসচেতনতায় আনসারদের সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আলী হায়দার বকশী বলেন, গ্রামের মানুষ এখনও অনেক অসচেতন।তাই আমি ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডারের সহযেগিতায় আনসার ও গ্রাম পুলিশের সমন্বয়ে স্বেচ্চাসেবী দল গঠন করেছি। এটার কারণে হাট বাজারে লোক সমাগম, দোকানে মানুষের অপ্রয়োজনীয় আড্ডা প্রায় বন্ধ হয়ে গেছে। এসময় মফস্বলে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় বলে জানান তিনি।
ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আলী হায়দার বকশী বলেন, ইউনিয়নের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। চক্রান্তকারীরা ক্ষতি করার জন্য বিভিন্নভাবে বসে আছে।নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করতে গিয়েও অনেক অভিযোগের শিকার হচ্ছি প্রতিনিয়ত।তবে সব ধরণের ইতিবাচক কাজে ইউনিয়নবাসী তার সাথে রয়েছে বলে জানান তিনি।