ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ সমর্থিত আসাদুজ্জামান আসাদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা।
নানা ধরণের কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময়ের আলোচিত একটি নাম আসাদ। নিজ দলীয় নেতাকর্মীদের মধ্যেও বেশ জনপ্রিয় তিনি। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় নানা উদ্যোগ নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফের আলোচনায় তিনি।
করোনাভাইরাসের কারণে অসহায় মানুষকে নানাভাবে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছেন তিনি। এবার বাড়ি বাড়ি নানা ধরণের শাক-সবজি পৌছে দিচ্ছেন তিনি। এর মধ্যে লাউ, মিষ্টি কুমড়াসহ শাকও রয়েছে।
নিজের ফেসবুকে এ কর্মকাণ্ডের ছবি পোস্ট করেছেন। তাতে হ্যান্ড মাইক হাতে প্রয়োজনীয় শাক-সবজি নিয়ে যাওয়ার আহবান জানাচ্ছেন তিনি। ফেসবুকে আসাদুজ্জামান আসাদ লিখেছেন, ‘সামাজিক দুরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে শাক-সবজী। শাক, পেপে, লাউ, মিষ্টি কুমড়া।’
শাহবাগ থানার আওয়াতাধীন এই ওয়ার্ডটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে পড়ায় প্রার্থীদের কাছে বরাবরই গুরুত্বপূর্ণ এই আসন। সেখানে তাকে পেয়ে অনেকেই উচ্চসিত ছিলেন। এবার করোনাভাইরাস মোকাবিলায় তার কর্মকাণ্ডও বেশ প্রশংসা কুড়াচ্ছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, করোনার বিস্তারের পর নিজেই জীবানুনাশক ছেটানো শুরু করেছেন। সিটি কর্পোরেশনের কর্মীদের সঙ্গে জীবানুনাশক ছিটানো গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
তার আগে বিভিন্ন স্থানে সাবান দিয়ে হাত ধোঁয়ার ব্যবস্থা করেছেন। এছাড়া রান্না খাবার বিতরণ করেছেন অসহায় মানুষের মধ্যে।