জামায়াতের ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৮ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪০ PM
জামায়াতে ইসলামীর লোগো

জামায়াতে ইসলামীর লোগো © সৌজন্যে প্রাপ্ত

৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে। কর্মসূচি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

ঘোষিত কর্মসূচির মধ্যে ২১ ও ২৫ নভেম্বর বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। এ ছাড়া ২৬ নভেম্বর দেশের সব জেলা সদরে কর্মসূচি পালন করা হবে। ২৯ নভেম্বর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে কর্মসূচি পালন করবে জামায়াত। একই ইস্যুতে ৩০ নভেম্বর জেলা সদরে কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৫ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ১৯ ডিসেম্বর ওসমান হাদীর শাহাদাতবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এসব কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, ২১ নভেম্বর সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে ৪০ দিনব্যাপী কর্মসূচির সূচনা হবে। পর্যায়ক্রমে ঘোষিত অন্যান্য কর্মসূচিও পালন করবে দলটি।

যা আছে ৪০ দিনের কর্মসূচিতে
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৃহীত ৪০ দিনব্যাপী কর্মসূচি আমরা ঘোষণা করছি।

এরমধ্যে আগামী ২১ তারিখ, শনিবার, সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে। দুপুর ১টায় বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ কর্মসূচি শুরু হবে।

২৫ নভেম্বর বাংলাদেশের প্রত্যেকটি মহানগরীতে একই ইস্যুতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে। একই দিন ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

এরপর ২৬ নভেম্বর জেলা সদরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে। একই ইস্যুতে এ কর্মসূচি পালিত হবে।

এরপর ২৯ নভেম্বর ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি প্রকাশের একটি আন্তর্জাতিক দিবস রয়েছে। আমরা সেই দিবসে ঢাকায় আলোচনা সভার আয়োজন করব।

৩০ নভেম্বর, সোমবার, দেশব্যাপী প্রত্যেকটি উপজেলা ও থানা সদরে একই ইস্যুতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে।

২ ডিসেম্বর পোশাকশিল্পে অস্থিরতা ও এই সংকটের ইস্যুতে রাজধানী ঢাকায় আমরা আলোচনা সভা করব।

ডিসেম্বরের ৬ তারিখে স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস পালন উপলক্ষে ঢাকায় আমাদের কর্মসূচি থাকবে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এ উপলক্ষে দেশের সরকারের অভ্যন্তরে যে দুর্নীতি চলছে, তা দমনে সরকারের ব্যর্থতা এবং সচিবালয় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া দুর্নীতির বিরুদ্ধে আমরা সেদিন কর্মসূচি পালন করব, ইনশাআল্লাহ।

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস রয়েছে। আইনজীবীরা এ দিবস পালন উপলক্ষে কর্মসূচির আয়োজন করবেন।

১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ীদের সম্মেলন হবে। এ ইস্যুতে ব্যবসায়ীদেরও জনমত গঠনে উদ্বুদ্ধ করা এবং তাঁদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করা হবে।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাজধানী ঢাকায় আমাদের আলোচনা সভা হবে। সেখানে আমাদের সম্মানিত আমিরে জামায়াত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, ইনশাআল্লাহ।

পরের দিন ১৫ ডিসেম্বর, ১৬ ডিসেম্বরের বিজয় দিবস জাতীয়ভাবে পালিত হবে। সেই উপলক্ষে তার আগের দিন ১৫ তারিখে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করব। সেখানেও আমাদের সম্মানিত আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

আর বিজয় দিবসের দিন ১৬ ডিসেম্বর রাজধানী ঢাকা সহ সারা দেশের সকল শাখায় বিজয় র‌্যালি, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হবে। সারা দেশব্যাপী আমাদের এই কর্মসূচি ১৬ ডিসেম্বর পালিত হবে, ইনশাআল্লাহ।

এরপর ১৯ ডিসেম্বর শরিফ শহীদ ওসমান বিন হাদির শাহাদাতের প্রথম বার্ষিকী। বাংলাদেশের আধিপত্যবাদবিরোধী সংগ্রামে তরুণ সমাজের আইকন হচ্ছেন শহীদ শরিফ ওসমান হাদি। আমরা তাঁর স্মরণে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করব।

২০ তারিখে চিকিৎসকদের উদ্যোগে একই কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

২১ তারিখে প্রকৌশলী সমাজের উদ্যোগে আলোচনা সভা হবে। প্রকৌশলী সমাজ গুরুত্বপূর্ণ পেশাজীবীদের একটি অংশ।

২৩ তারিখে মহিলা বিভাগ নারীদের নিয়ে কর্মসূচি পালন করবে এবং আলোচনা সভার আয়োজন করবে।

২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক সপ্তাহব্যাপী বিজয়ের এই মাসে দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত বীর ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য আমরা সপ্তাহব্যাপী কর্মসূচি রেখেছি। রাজধানী ঢাকা এবং সারা দেশের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত এই কর্মসূচি চলবে।

জামায়াতের ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
  • ১৯ নভেম্বর ২০২৬
বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা পর্যটক
  • ১৯ নভেম্বর ২০২৬
বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩১ ঘণ্টা পর নদীতে মিলল স্…
  • ১৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ও ক্যামেরায় নজর…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ বহাল
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage