© সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ওই বাসার সাবেক কেয়ারটেকারই 'তল্লাশি' করতে জনগণকে উসকানি দিয়েছে বলে বুধবার (৫মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে, শাকিল আহমেদ একসময় বাসাটিতে কেয়ারটেকারের কাজ করত। সেই মূলত জনতাকে ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে তথ্য দিয়ে বাসাটিতে তল্লাশি চালালোর জন্য উস্কানি প্রদান করে।
এর আগে গত পরশু দিন রাত সাড়ে ১০টার দিকেও একই অজুহাতে একদল জনতা বাসাটিতে প্রবেশের চেষ্টা করে। পরবর্তী সময়ে পুলিশ এসে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়।
প্রেস উইং জানায়, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে আসে গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসিসহ সেনাবাহিনীর সদস্যরা। সেখান থেকে তিনজনকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা প্রক্রিয়াধীন।
আটকরা হলেন শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার (৪৮) এবং শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে পিতা-পুত্র। এর মধ্যে জুয়েল খন্দকার বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
তবে পুলিশ আজ জানিয়েছে, গুলশানের ওই বাড়িটি তানভীর ইমামের নয়। এটি তার সাবেক শ্বশুর রহমানের বাড়ি। তানভীর ইমামের সাবেক স্ত্রী-ই সেখানে বসবাস করছেন। তাদের মধ্যে প্রায় ১০ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে, এবং তার সাবেক স্ত্রী মা-বাবার মৃত্যুর পর থেকেই ওই বাড়িতে থাকছেন।
উল্লেখ্য, বাড়িতে অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ থাকতে পারে ভেবে, গতকাল রাতে একদল লোক ওই বাড়িতে মধ্যরাতে দরজা ভেঙে 'তল্লাশির' নামে ঢুকে পড়ে। তল্লাশির অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করে তারা।