উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমঝোতা বৈঠক © সংগৃহীত
হেফাজতে ইসলাম ও কওমি ওলামা পরিষদের নেতাকর্মীদের আপত্তির মুখে স্থগিত হওয়া টাঙ্গাইলের মধুপুরে লালন স্মরণোৎসবের তারিখ অবশেষে সমঝোতার মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানটি আগামী ২৩ ফেব্রুয়ারি (রবিবার) মধুপুর অডিটরিয়ামে রাত সাড়ে আটটায় হবে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত আটটায় উৎসব কমিটির আহ্বায়ক সবুজ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, লালন সাঁইয়ের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত আটটায় মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় মধুপুর লালন সংঘের আয়োজনে লালন স্মরণোৎসব-২০২৫ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি হিসেবে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেনের উপস্থিত থাকার কথা ছিল। এ ছাড়া সহকারী পুলিশ সুপার (মধুপুর-সার্কেল), মধুপুর থানার ওসিসহ একাধিক শীর্ষ ব্যক্তিকে অতিথি করা হয়। কিন্তু হেফাজতে ইসলাম ও কওমি ওলামা পরিষদের আপত্তির মুুখে অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করে আয়োজক কমিটি।
আরও পড়ুন: চলতি সপ্তাহে সারা দেশে বৃষ্টির প্রবল সম্ভাবনা
এদিকে বিষয়টি নিয়ে শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হেফাজত ইসলাম, কওমি ওলামা পরিষদ, উপজেলা বিএনপি ও লালন সংঘের প্রতিনিধি দলের সঙ্গে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, মেজর শোয়েব, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর লালন সংঘের উপদেষ্টা এস এম শহীদ, সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র সাহা, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সবুজ মিয়া, উপজেলা হেফাজতে ইসলাম মধুপুরের সভাপতি মুফতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাও. মাহমুদউল্যাহ, কারি মোদাচ্ছের হোসেন, গণমাধ্যমকর্মী আনোয়ার সাদাৎ ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।
সেখানে আগামী রবিবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠানটি মধুপুর অডিটরিয়ামে রাত সাড়ে আটটায় আয়োজনের সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন: দুপুরে আজহারির মাহফিল, রাতেই ধর্মপ্রাণ মানুষের ঢল
অনুষ্ঠানটির আয়োজক কমিটির আহ্বায়ক মো. সবুজ মিয়া বলেন, ‘বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠকে বসা হয়েছিল। সেখানে হেফাজতে ইসলামসহ কয়েকটি দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকে সমঝোতার মাধ্যমে আগামী রবিবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে হেফাজতে ইসলাম প্রতিশ্রুতি দেয় অনুষ্ঠান আয়োজনে তারা কোনো বাধার সৃষ্টি করবে না। মধুপুর লালন সংঘ থেকে বিতর্কিত বক্তব্য, তথ্য ও সঙ্গীত উপস্থাপিত হবে না মর্মেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, হেফাজতে ইসলাম, বিএনপি, আয়োজক কমিটি, সেনাবাহিনী ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে বৈঠকে বসা হয়েছিল। এসময় সমঝোতার মাধ্যমে স্থগিত হওয়া লালন স্মরণোৎসবের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। বড় আয়োজনের মধ্য দিয়েই অনুষ্ঠানটি করা হবে।