ফেসবুকে কমেন্ট নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর হামলা

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
হাসপাতালে আহত কে এম সাকিবে

হাসপাতালে আহত কে এম সাকিবে © টিডিসি সম্পাদিত

বাগেরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কে এম সাকিবের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী-মল্লিকেরবেড় খেয়াঘাটে হামলার ঘটনা ঘটে।

আহত কে.এম. সাকিব মোরেলগঞ্জ উপজেলার ঘোষিয়াখালী গ্রামের বাসিন্দা। তিনি বাগেরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

হাসপাতালে চিকিৎসাধীন সাকিব জানান, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেসবুকে দেওয়া একটি পোস্টের কমেন্ট করা এবং ঘষিয়াখালী-মল্লিকেরবেড় খেয়া পারাপারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে সাকিবের দাবি।

ঘাটের ট্রলার মালিকরা জানান, স্থানীয় জাহিদুল ইসলাম ট্রলার চালাতে নিষেধ করেছেন। বিষয়টি জানতে গেলে ছাত্রদল নেতা সাওন, রনি, সবুজ, তুহিন, মারজান ও মো. রাফিসহ বেশ কয়েকজন তার ওপর হামলা চালান। হামলাকারীদের মারধরে তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। হামলাকারীদের বেশিরভাগের বাড়ি রামপাল উপজেলার মল্লিকেরবেড় এলাকায় বলে জানান তিনি।

সাকিব আরও বলেন, ঘষিয়াখালী-মল্লিকেরবেড় খেয়াঘাটটি দীর্ঘদিন ধরে স্থানীয় জাহিদুল ইসলাম ও তার লোকজন দখলে রেখে চাঁদাবাজি চালিয়ে আসছে। আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় তারা এ কাজ করছিল। সরকার পতনের পর বিএনপি নেতাদের আশ্রয়ে তারা আবারও চাঁদাবাজি শুরু করেছে। এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় এর আগেও চাঁদাবাজরা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল।

তবে ঘাটের দায়িত্বে থাকা জাহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, মল্লিকের বাজারে জাহিদুল ইসলাম নামের এক যুবদল নেতা রয়েছেন, সাকিব তাকে গালিগালাজ করেছেন। এর কারণেই ছাত্রদলের ছেলেরা সাকিবকে দু-একটা চরথাপ্পর দিয়েছে। যেহেতু যুবদল নেতা এখন ক্ষমতায়, তাই তার নাম না বলে আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার যুগ্ম সদস্য সচিব শেখ বাদশা বলেন, কে.এম. সাকিব আমাদের সংগঠনের একজন সাহসী কর্মী। যারা এ হামলার সঙ্গে জড়িত, তারা অতীতে অবৈধ আওয়ামী সরকারের দোসর ছিল এবং বর্তমানে বিএনপির ছত্রছায়ায় রয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার জানান, কে.এম. সাকিব গতকাল রাতে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি অনেকটাই সংকটমুক্ত। আমরা আশাবাদী, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, মারধরের খবর পেয়ে আহত সাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে। তবে বেশিরভাগ আসামির বাড়ি রামপাল উপজেলায় হওয়ায় কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত আহত সাকিবের পক্ষ থেকে কোনো মামলা বা অভিযোগ দেওয়া হয়নি।

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
close