দুদকের নতুন চেয়ারম্যান ড. মোমেন, সদস্য আলী আকবর ও আহসান ফরিদ

১০ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ PM
ড. মোহাম্মদ আবদুল মোমেন

ড. মোহাম্মদ আবদুল মোমেন © সংগৃহীত

সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হচ্ছেন। কমিশনের অপর দুজন সদস্য হচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। শীঘ্রই তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুদক চেয়ারম্যান হিসেবে তার নিযুক্তি অনুমোদন করেছেন। প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন। এর পর থেকে দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদ খালি ছিল।

ড. এম এ মোমেন সোমবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদ থেকে প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগ করেন। পদত্যাগপত্র গৃহিত হলে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য ফাইল রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়। আজ সকালেই সেটি অনুমোদন করা হয়।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৭ আগস্ট আবদুল মোমেনকে জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ১৮ আগস্ট এই পদে যোগদান করেন। গত ১ অক্টোবর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।

ড. আবদুল মোমেন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের একজন সদস্য। তিনি ১৯৮২ সালে সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ায় যোগদান করেন।  পরবর্তী সময়ে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরু্ত্বপূর্ণ পদে কর্মকাল অতিবাহিত করেন। 

ড. মোমেন ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বিআরটিএর চেয়ারম্যান ও বিমানের এমডি ছিলেন। তার আগে নব্বইয়ের দশকে তিনি ছিলেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস। এ ছাড়াও তিনি সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও ইয়াজউদ্দিন আহম্মেদের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে  যুগ্ম সচিব থাকা অবস্থায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তখনকার আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী  সরকার তাকে চাকরিতে ফিরিয়ে এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব দিয়েছিলেন। 

তার জন্ম ৩১ ডিসেম্বর ১৯৫৭, ঢাকায়। বেড়ে ওঠা ও জীবনযাপন এখানেই। ড. মোমেনের লেখক নাম আন্দালিব রাশদী। তিনি উচ্চপদস্ত সরকারি কর্মকর্তার পাশাপাশি বহুমাত্রিক লেখক। প্রধানত কথাসাহিত্যিক; পাশাপাশি প্রবন্ধ লিখেন, অনুবাদ করেন, কলাম লিখেন, শিল্পকলা বিষয়ক লেখালেখিও করে থাকেন। এ ছাড়াও কিশোর সাহিত্যে রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ অবদান। লেখাপড়া করেছেন ঢাকা, ওয়েস্ ও লন্ডনে। শুরুতে বিজ্ঞানের ছাত্র, স্নাতকোত্তর পাঠ নিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে। পরে আইনও পড়েছেন, পিএইচডি করেছেন লন্ডনে। এ পর্যন্ত তাঁর শতাধিক বই প্রকাশিত হয়েছে। প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে উপন্যাস: ‘মিমির নোটবই’, ‘কাজল নদীর জলে’, ‘হাজব্যান্ডস’, ‘অধরা’, ‘ভারপ্রাপ্ত সচিব’, ‘প্রতিমন্ত্রী’, ‘কৃষ্ণকলি’, ‘সেকেন্ড লেনে হেলেন’, ‘শর্মিষ্ঠা’ ইত্যাদি। ছোটগল্প: ‘ডায়ানা যেদিন সিঁড়িতে বমি করল’, ‘একটি পরিত্যক্ত কেলভিনেটর ফ্রিজের গল্প’ ইত্যাদি। প্রবন্ধ: ‘আমলা শাসানো হুকুমনামা’, ‘লেডি গোদিভা ও অন্যান্য প্রবন্ধ’ ইত্যাদি।

ট্যাগ: দুদক
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬