রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভেরিফায়েড পেজ © টিডিসি সম্পাদিত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সুস্থ আছেন। তিনি এখন রাজধানীর বসুন্ধরার বাসায় অবস্থান করছেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। ক্ষমতাসীন দল বিএনপির এই বর্ষীয়ান নেতা নিয়মিত স্বাস্থ্য চেক-আপের মধ্যে আছেন। চিকিৎসকের পরামর্শে রফিকুল ইসলাম মিয়া বাসায় চিকিৎসা নিচ্ছেন।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ব্যারিস্টার রফিকের ব্যক্তিগত সহকারী মোকছেদুর রহমান আবিরও এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে সামাজিকমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মারা গেছেন। এমনকি বিএনপির ভেরিফায়েড পেজেও দলটির এই সিনিয়র নেতার মারা যাওয়ার খবর প্রচার করা হয়। যদিও পরে সেই পোস্ট ডিলিট করা হয়। তার সহকারী জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জুনিয়র আইনজীবী রফিকুল হোসেন রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মিরপুরে তার দাফন হবে৷
আবির জানান, নাম মিলে যাওয়ায় মৃত্যুর ভুল তথ্যটি দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি বিএনপির অফিশিয়াল ফেসবুক পেইজ থেকেও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া স্যারের মৃত্যুর খবর জানানো হয়৷ যা সত্য নয়।
তিনি বলেন, স্যার আগের চেয়ে ভালো আছেন। তবে বেশকিছু শারীরিক জটিলতায় ভুগছেন। উনাকে নিয়মিত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এজন্য আমরা ধানমন্ডির বাসা ছেড়ে এখন এভার কেয়ারের পাশে বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা নিয়েছি।
জানা গেছে, সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক জিয়াউল হকের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
তার অসুস্থতার বিষয়টি অবগত হওয়ার পর গত ৩০জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
গত বছরের ২ মার্চ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক মারা যান।
মৃত্যুর খবর দিয়ে ১৫ মিনিট পর পোস্ট ডিলিট করল বিএনপির ভেরিফায়েড পেজ
রাত ৮টার দিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ (Bangladesh Nationalist Party-BNP) থেকে এক পোস্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা গেছেন নিশ্চিত করা হয়। পেজটিতে ৬.২ মিলিয়ন ফলোয়ার রয়েছে।
পেজের পোস্টে বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'।
তবে মৃত্যুর এই খবর দেওয়ার ১৫ মিনিট পর পোস্টটি পেজ থেকে ডিলিট করা হয়েছে। পোস্টটি পেজে আর পাওয়া যায়নি। তবে পরবর্তীতে পেজ থেকে পোস্টটি ডিলিট করা নিয়ে আর কোনো বাখ্যা দেওয়া হয়নি।