ডায়ালাইসিস করাতে ৯৩% রোগী আর্থিক সংকটে পড়েন

১০ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
কিডনি ডায়ালাইসিস

কিডনি ডায়ালাইসিস © সংগৃহীত

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক গবেষণায় উঠে এসেছে, দেশের যেসব কিডনি রোগীকে নিয়মিত ডায়ালাইসিস সেবা নিতে হয়, তাদের মাসে গড়ে ৪৬ হাজার ৪২৬ টাকা ব্যয় হয়। বড় অঙ্কের এই ব্যয় করতে গিয়ে ৯৩ শতাংশ রোগীর পরিবার আর্থিক সমস্যায় পড়ে।

‘আউট অব পকেট কস্ট অব কিডনি ডায়ালাইসিস ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাপত্রটি সোমবার বিআইডিএসের চার দিনব্যাপী ‘বার্ষিক বিআইডিএস সম্মেলন-২০২৪’-এর তৃতীয় দিনে তুলে ধরা হয়। রাজধানীর গুলশানের একটি হোটেলে সম্মেলনটি হচ্ছে।

সম্মেলনের একটি অধিবেশন ছিল শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে। সে অধিবেশনে তিনটি গবেষণাপত্র তুলে ধরা হয়, যার একটি কিডনি চিকিৎসার ব্যয় নিয়ে। বাকি দুটি ছিল কমিউনিটি ক্লিনিক ও বেকারত্ব নিয়ে। অধিবেশনটিতে সভাপতিত্ব করেন ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ শাখা ক্যাম্পাসের সহ-উপাচার্য এ কে এনামুল হক।

কিডনি চিকিৎসার ব্যয় নিয়ে গবেষণাপত্র তুলে ধরে বিআইডিএসের গবেষণা ফেলো আবদুর রাজ্জাক সরকার জানান, গবেষণাটিতে সরকারি, বেসরকারি ও বেসরকারি সংস্থাভিত্তিক (এনজিও) হাসপাতালের ৪৭৭ রোগীর ওপর জরিপ করা হয়েছে। তথ্য সংগ্রহ করা হয়েছে গত বছরের ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ৩১ পর্যন্ত।

দেশে কত কিডনি রোগীর ডায়ালাইসিস সেবা নিতে হয়, তা উল্লেখ করতে ২০১৭ সালের একটি গবেষণা তুলে ধরে তিনি আরও জানান, তখন আট লাখ মানুষকে কিডনি ডায়ালাইসিস সেবা নিতে হতো; যার মধ্যে ৩০ হাজার এই ডায়ালাইসিস করাতে সক্ষম ছিলেন।

নতুন জরিপের বরাত দিয়ে অনুষ্ঠানে জানানো হয়, ডায়ালাইসিসের পেছনে দেশের একজন কিডনি রোগীকে মাসে সর্বনিম্ন ৬ হাজার ৬৯০ টাকা এবং সর্বোচ্চ ২ লাখ ১০ হাজার টাকা খরচ করতে হয়। গড় ব্যয় ৪৬ হাজার ৪২৬ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৫ শতাংশের মতো খরচ হয় ডায়ালাইসিস ফি বাবদ। প্রায় ২৩ শতাংশ ব্যয় হয় ওষুধ বাবদ। সব মিলিয়ে হাসপাতালে খরচ মোট ব্যয়ের প্রায় ৭৯ শতাংশ। যাতায়াত, খাবার, থাকা, অনানুষ্ঠানিক (ঘুষ, বকশিশ) খরচ ইত্যাদির পেছনেও ব্যয় রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হয় যাতায়াতে, মোট ব্যয়ের প্রায় ৯ শতাংশ।

রোগীরা কোন ধরনের হাসপাতালে বেশি সেবা নিতে যান, তা-ও উঠে এসেছে জরিপে। দেখা যায়, ডায়ালাইসিস সেবা নিতে রোগীদের ৪২ দশমিক ৫৬ শতাংশ যান এনজিওভিত্তিক হাসপাতালে। সরকারি হাসপাতালে যান প্রায় ৩৩ দশমিক ৫৪ শতাংশ। বেসরকারি হাসপাতালে যান ২৩ দশমিক ৯ শতাংশ রোগী। ব্যয় বেশি বেসরকারি হাসপাতালে, মাসে গড়ে খরচ ৭৭ হাজার ৫৮৯ টাকা। সরকারিতে তা ৩২ হাজার ৫৫২ টাকা এবং এনজিওভিত্তিক হাসপাতালে ৩৯ হাজার ৯১২ টাকা।

বিআইডিএসের গবেষণায় বলা হয়, প্রায় ৯২ দশমিক ৮৭ শতাংশ পরিবারই ডায়ালাইসিস করাতে গিয়ে আর্থিক সমস্যায় পড়ে। সাড়ে ১৯ শতাংশ রোগী প্রয়োজনের চেয়ে কম ডায়ালাইসিস করান। হারটি গরিবদের মধ্যে বেশি। রোগীদের মধ্যে যারা কম ডায়ালাইসিস করান, তারা কারণ হিসেবে (৯৫ শতাংশ) অনেক বেশি ব্যয়ের কথা উল্লেখ করেছেন।

রোগীদের সঙ্গে কথা বলে গবেষকরা জানতে পেরেছেন, মাসে মাসে বিপুল ব্যয়ের চাপ থেকে বাঁচতে অনেকে কিডনি প্রতিস্থাপনের চেষ্টা চালান। তখন তারা প্রতারকের খপ্পরেও পড়েন।

একজন রোগী গবেষকদের বলেছেন, তিনি চার লাখ টাকা খুইয়েছেন। আবার মাসে মাসে বিপুল চিকিৎসা খরচ মেটাতে গিয়ে দুই সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে ফেলতে হচ্ছে।

প্রতিবেদন উপস্থাপনার সময় বিআইডিএসের গবেষণা ফেলো আবদুর রাজ্জাক সরকার বলেন, কিডনি ডায়ালাইসিস সেবা মূলত শহরকেন্দ্রিক। বিশেষ করে ঢাকায়। ফলে জেলা পর্যায় থেকে রোগীদের ভোগান্তি হয়।

তিনি আরও বলেন, চিকিৎসার সুযোগ জেলা পর্যায়ের হাসপাতালে চালু করা এবং মানুষের সামর্থ্যের মধ্যে আনা প্রয়োজন। বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিস সেবায় ভর্তুকির ব্যবস্থা করা যেতে পারে। এ সময় তিনি রোগীদের সামাজিক নিরাপত্তা খাত ও বিমার আওতায় আনার পরামর্শও দেন।

ট্যাগ: চিকিৎসক
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন…
  • ১১ এপ্রিল ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বি…
  • ১১ এপ্রিল ২০২৬
এলএমএএফ কোর্স চালুর পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে ড্যাব— ‘পল্ল…
  • ১১ এপ্রিল ২০২৬
তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
close