সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্রকে আটকের অভিযোগ © সংগৃহীত
সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে সাদা পোশাকে একদল পুলিশ সদস্য আটক করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার (আগস্ট) রাত সাড়ে ১০ টায় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
সাবেক মন্ত্রীর স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন, সাদা পোশাকে ১০ থেকে ১৫ জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
তিনি জানান, সবার কাছে অস্ত্র ছিল। পরে তারা বলেন ওঠেন, চলেন। তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি কিন্তু তারা কিছু বলেনি৷
এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, রাত ১০টা ৩০ মিনিটে রমেশ চন্দ্র সেনের বাসা থেকে ফোন আসে। সেখানে যাওয়ার পর আমি দেখতে পারি যে, ঢাকা হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা আসেন এবং রমেশচন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়ে যান।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা গা ঢাকা দেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আটক করা হয়। পরে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।