স্বর্ণ © সংগৃহীত
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম গ্রাম প্রতি ১২০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস। স্বর্ণের দাম গ্রাম প্রতি ৯৫২০ টাকা থেকে বাড়িয়ে ৯৬৪০ টাকা ঘোষণা করেছে সংগঠনটি।
ফলে ১ ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৪২ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা। অর্থাৎ ভরি প্রতি বেড়েছে ১ হাজার ৩৯৯ টাকা।
বুধবার (১৭ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়াসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা আগামী বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা, ২১ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১ লাখ সাত হাজার ৩০৮ টাকা এবং ১৮ ক্যারেটের ১ ভরি সোনার দাম ৯২ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির ১ ভরি সোনার দাম ৭৬ হাজার ৬৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।