© টিডিসি ফটো
ক্যান্সারে আক্রান্ত ফ্রান্স ফেরত শিক্ষার্থীর মো. ইব্রাহীমের পাশে দাঁড়িয়েছেন চরফ্যাশনের যুবদল সভাপতি মো. দীপু ফরাজি। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে ক্যান্সারে আক্রান্ত ইব্রাহীমের কথা শুনে তাকে দেখতে তার বাসায় ছুটে গিয়ে খোঁজ খবর নিয়েছেন এই যুবদল নেতা। তিনি ওই শিক্ষার্থীকে সার্বিক সাহায্য করারও প্রতিশ্রুতি দিয়েছেন।
মো.ইব্রাহীম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজারীগঞ্জ গ্রামের হাওলাদার বাড়ির কাঞ্চন হাওলাদারের ছেলে। উচ্চশিক্ষার জন্য পরিবারের কাছে ফ্রান্সে যাওয়ার আবদার করেন তিনি। সেই আবদার পূরণ করতে ২০২২ সালের শুরুর দিকে পরিবার ধার-দেনা করে ফ্রান্সে পাঠান তাকে।
কিন্তু যাওয়ার মাত্র ৭ মাসের মধ্যেই ইব্রাহীম আক্রান্ত হন মরণব্যাধি ক্যান্সারে। সেখানেই তিনি চিকিৎসা নিতে শুরু করেন। ফ্রান্সে চিকিৎসাধীন অবস্থায় নিজ মাটিতে বাবা-মায়ের কোলে শেষ নিশ্বাস ত্যাগ করবেন এমন ইচ্ছা থাকলেও তাকে দেশে নিয়ে আসার মতো ছিল না কেউ। তার এ ইচ্ছা পূরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তাকে দেশে নিয়ে আসেন ফ্রান্সের চিকিৎসক ড. ম্যাথিউ জামেলট। যা দেশজুড়ে খুবই আলোচিত হয়।
চরফ্যাশন উপজেলা বিএনপির যুবদলের সভাপতি দীপু ফরাজি বলেন, ক্যান্সারে আক্রান্ত ইব্রাহীমের চিকিৎসা চালানের জন্য সমাজের বিত্তবানদের তার পাশে দাঁড়ানোর অনুরোধ জানাই। পাশাপাশি ইব্রাহীম যেন ভেঙ্গে না পরে যাতে সর্বদা মনোবল চাঙ্গা রাখে সেজন্য উৎসাহ দিয়েছি এবং সাধ্যমতো তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি। তার এই অবস্থায় পরিপূর্ণ সুস্থতা ও দেশবিদেশের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।