স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম © সংগৃহীত
একজন মহিলা কখনও নৌকার মাঝি হতে পারে না বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম। তিনি বলেন, নৌকা পাইনি, কিন্তু বৈঠা আমার হাতে। আমিই নৌকার মাঝি। জানি কোন দিকে নৌকা চালাতে হবে।
সৈয়দ সাফায়েতুল ইসলাম একই আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির বড় ভাই এবং প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব। দুজনই অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের সন্তান। কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তাদের চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। বড় ভাইকে সমর্থন জানিয়ে রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন সৈয়দ আশফাকুল ইসলাম।
আরও পড়ুন: শেষ সময়ে এসে শিক্ষক নিয়োগে তোড়জোড় চবি উপাচার্যের
রবিবার (১৭ ডিসেম্বর) সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দুই ভাই।
সেখানে আবেগঘন বক্তৃতায় মেজর জেনারেল সাফায়েতুল ইসলাম কঠোর ভাষায় তার ছোট বোন নৌকার প্রার্থী ও বর্তমান এমপি সৈয়দা জাকিয়া নূর লিপির সমালোচনা করেন।
তিনি বলেন, ‘নৌকার মাঝি হতে পারে, কিন্তু মাইঝিনি হতে পারে না। নৌকার মহিলা মাঝি নাই। নৌকা পাইনি। কিন্তু বৈঠা আমার হাতে। আমিই নৌকার মাঝি। আমি জানি নৌকা কোন দিকে চালাতে হবে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের জন্য জমি দিয়েছি। কিন্তু এখানে মানুষ চিকিৎসা পাচ্ছে না। এবার নির্বাচিত হলে মেডিকেলে চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ বড় ভাই প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করবে।’
এ সময় বড় ভাইয়ের পক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে কাজ করার আশ্বাস দেন প্রার্থিতা প্রত্যাহার করে নেয়া স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।