বনশ্রীতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ © সংগৃহীত
আজ বিএনপির ডাকা দ্বিতীয়বারের অবরোধ কর্মসূচি চলছে। তবে এরই মধ্যে রাজধানীর বনশ্রী এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মো: সবুজ (৩০) নামে একজন দগ্ধ হয়েছেন। তিনি রমজান পরিবহনের বাসের চালক। দগ্ধ অবস্থায় সবুজকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
রোববার (৫ নভেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ সকালের দিকে সবুজ নামে দগ্ধ অবস্থায় বাসের একজন চালক আমাদের জরুরি বিভাগে আসে। তার শরীরে ২৮% দগ্ধ রয়েছে এবং তার শ্বাসনালী পুড়ে গেছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’
দগ্ধ সবুজের স্ত্রী রাশেদা বেগম বলেন, ‘খবর পেয়ে সকালের দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসি। আমার স্বামী রমজান বাসের ড্রাইভার ছিলেন। সকালে বাড্ডা থেকে তিনি অছিম পরিবহনে করে মেরাদিয়া যাচ্ছিলেন। সেখানে রমজান পরিবহনটি রাখা ছিল।’
আরও পড়ুন: মধ্যরাতে বিএনপি নেতা ব্যারিস্টার অসীমের বাসায় অভিযান
এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানিয়েছেন খিলগাঁও থানার পেট্রোল পরিদর্শক ইউসুফ আলী চৌধুরী।
এদিকে, দেশে সড়ক, রেল ও নৌ পথে যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে ৬৫ হাজার আনসার ও ডিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। রেললাইন রক্ষায় সারাদেশে এক হাজার ৪৭৬টি পয়েন্টে ১০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে।
এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি পাঁচ হাজার ২৯৬টি প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ৫৫ হাজার অঙ্গীভূত আনসার নিজেদের দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন