হাসান সারওয়ার্দী © ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে নিয়ে সংবাদ সম্মেলনের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।
এ দিন সারওয়ার্দীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক সুজানুর ইসলাম।
এছাড়া মামলাটিতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে দণ্ডবিধির ১২০ (খ) ধারা যুক্ত করার আবেদন জানান।
রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
সারওয়ার্দীকে সাভার থেকে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ডিবি কার্যালয়ে আনা হয়। এই মামলায় গত ৩০ অক্টোবর মিয়া আরেফীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ মামলায় গত ২৯ অক্টোবর দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। আটকের পর তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।