মেডিসিন ক্লাবের ‘সংবিধান’ লঙ্ঘন করে পদ পেলেন ছাত্রদল ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

০৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ PM
মেডিসিন ক্লাবের লোগো এবং ছাত্রদল ও ছাত্রলীগ নেতার ছবি

মেডিসিন ক্লাবের লোগো এবং ছাত্রদল ও ছাত্রলীগ নেতার ছবি © টিডিসি সম্পাদিত

মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংগঠন মেডিসিন ক্লাবের সংবিধান লঙ্ঘন করে কেন্দ্রীয় কমিটি গঠনের ঘটনা ঘটেছে। পদ পেতে রাজনীতিনিরপেক্ষতার শর্ত থাকা সংগঠনটিতে ক্ষমতাসীন ছাত্রসংগঠন ছাত্রদলের নেতা তো পদ পেয়েছেনই, পেয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাও। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) গঠিত কমিটিতে এই চিত্র দেখা গেছে।

ক্লাবের সদ্যবিদায়ী  সভাপতি মো. রাকিবুল ইসলাম অন্তর ও সাধারণ সম্পাদক অর্পণ কর্মকার শৌর্য স্বাক্ষরিত কমিটিতে পদ পেয়েছেন মোট ৪৭ জন। ২০২৬-২৭ সেশনের জন্য গঠিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের মো. লাবিব হাসান আখন্দ। এতে সাধারণ সম্পাদক হয়েছেন হবিগঞ্জ মেডিকেল কলেজের এসকে রায়হান।

এই কমিটিতে সেমিনার সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন শেখ জিহানুর রহমান প্রিন্স। তিনি মেন্ডি ডেন্টাল কলেজের শিক্ষার্থী। গত বছরের ২৬ সেপ্টেম্বর একযোগে ৩৩টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। ওই সময় মেন্ডি ডেন্টাল কলেজের সদস্য সচিব মনোনিত হন প্রিন্স।

অপরদিকে নবগঠিত কমিটির কার্যকরী সদস্য-৩ সাব্বির আহমেদ সায়মন গাজীপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী। সর্বশেষ ২০২৩ সালে ওই কলেজে নিলয় চন্দ্র সরকারকে সভাপতি এবং মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের কমিটি দিয়েছিল ছাত্রলীগ। ওই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন সায়মন।

ছাত্রলীগের কমিটিতে সাব্বির আহমেদ সায়মন

এদিকে মেডিসিন ক্লাবের সংবিধানের প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় ধারায় ‘বৈশিষ্ট্য’ অংশে বলা হয়েছে, ‘মেডিসিন ক্লাব মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্র-ছাত্রী নিয়ে পরিচালিত ধর্ম ও রাজনীতি নিরপেক্ষ এবং শিক্ষা ও সমাজসেবা মূলক স্বেচ্ছাসেবী সংগঠন।’

চতুর্থ পরিচ্ছেদের অনুচ্ছেদ ১-এর উপ-ধারা ৬-এ বলা হয়েছে, (১) ‘সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সমাজকল্যাণ সম্পাদক ও পূর্ণ সম্পাদকসহ তদূর্ধ্ব পদ সমূহের প্রার্থীগণকে অবশ্যই রাজনৈতিক দল নিরপেক্ষ হতে হবে।’ এবং (২) ‘কার্যকরী পরিষদের কোন সদস্য/সদস্যাকে রাজনৈতিক দলের প্রার্থী্রূপে কলেজ সংসদের নির্বাচনে প্রার্থী হিসাবে অংশ গ্রহণের পূর্বে অবশ্যই কার্যকরী পরিষদ হতে অব্যাহতি গ্রহণ করতে হবে। ঐ সদস্য/সদস্যা যদি স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ না করেন তবে ক্লাব কার্যকরী পরিষদ কোন কারণ দর্শানো ব্যতিরেকেই তাকে অব্যাহতি প্রদান করবে, সেক্ষেত্রে ক্লাবের সাধারণ সদস্য/ সদস্য হিসাবে তিনি থাকবেন বা থাকতে পারবেন।’

মেন্ডি ডেন্টাল কলেজ ছাত্রদলের সদস্যসচিব প্রিন্স

এ অবস্থায় সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে দুটি ছাত্র সংগঠনের নেতাদের স্থান পাওয়ার ঘটনায় সমালোচনা শুরু হয়েছে সংগঠনটির মধ্যেই। এ ছাড়া নিষিদ্ধ সংগঠনের নেতা পদ পাওয়ায় বিস্মিত অনেকেই।

জানা গেছে, মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় কমিটি গঠনের ক্ষেত্রে ইউনিটগুলো থেকে নাম প্রস্তাব আহ্বান করেন বিদায়ী কমিটির নেতারা। ওই ছাত্রলীগ নেতার নাম গাজীপুরের মেডিকেল কলেজ ইউনিট প্রস্তাব করেছে।

এ বিষয়ে জানতে চাইলে মেডিসিন ক্লাবের গাজীপুর মেডিকেল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান কথা বলতে রাজি হননি।

পদ পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে সেমিনার সম্পাক ও মেন্ডি ডেন্টাল কলেজ ছাত্রদলের সদস্যসচিব শেখ জিহানুর রহমান প্রিন্স দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কাজ করেছি, তাই পদ পেয়েছি। বিস্তারিত জানতে চাইলে সভাপতি-সেক্রেটারির সাথে কথা বলতে বলেন তিনি।

কমিটি গঠনের বিষয়ে জানতে চাওয়া হলে সদ্যবিদায়ী কমিটির সাধারণ সম্পাদক অর্পণ কর্মকার শৌর্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ বা ছাত্র সংগঠনের পদধারী নেতারা পদ পাচ্ছেন এটা আমি জানতাম না। বর্তমান সভাপতি-সেক্রেটারিকে এ বিষয়ে দায়িত্ব নিতে বলেছি।

সদ্যগঠিত কমিটির সাধারণ সম্পাদক এসকে রায়হান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এক দিন হলো কমিটি গঠন হয়েছে। আমরা এখনও ঠিকভাবে কাজ শুরু করতে পারিনি। কিন্তু কমিটি গঠনের ক্ষেত্রে অনেক সময় পূর্ণাঙ্গ যাচাই-বাছাই সম্ভব হয় না। আমরা পুনরায় যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১৪
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিসিন ক্লাবের ‘সংবিধান’ লঙ্ঘন করে পদ পেলেন ছাত্রদল ও নিষি…
  • ০৭ নভেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনের ব্যবধানে ফের বাসে আগুন
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950