এফসিপিএস প্রশিক্ষণের নতুন নিয়মে ক্ষুব্ধ চিকিৎসকরা, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

০৩ জুন ২০২৬, ০৮:০৪ PM
এফসিপিএস প্রশিক্ষণের নতুন নিয়মে ক্ষুব্ধ চিকিৎসকরা, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

এফসিপিএস প্রশিক্ষণের নতুন নিয়মে ক্ষুব্ধ চিকিৎসকরা, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিএস) এফসিপিএস কোর্সের প্রথম পর্ব উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের পদায়ন ও ভাতা সংক্রান্ত নতুন সিদ্ধান্তে নাখোশ চিকিৎসক, চিকিৎসা শিক্ষার্থী ও চিকিৎসক সংগঠনগুলো। গতকাল বুধবার (২ জুন) বেসরকারি ট্রেইনিদের মাত্র এক হাজার জনকে ভাতা দেওয়া এবং নিজ উপজেলায় দুই বছর প্রশিক্ষণের বাধ্যবাধকতার বিষয়টি প্রকাশ্যে আসার পর এ নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা। দাবি জানিয়েছেন এই সিদ্ধান্ত প্রত্যাহারের। ইতোমধ্যে কয়েকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিবাদ সমাবেশও করেছেন শিক্ষার্থী ও চিকিৎসকরা।

এ ছাড়া এ পর্যন্ত জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), চিকিৎসকদের অধিকারভিত্তিক সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস, বিভিন্ন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন। চিকিৎসকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে এই ঘটনায় বিবৃতি দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরাও।

এতদিন বেসরকারি প্রশিক্ষণার্থীরা ৩০ হাজার টাকা ভাতা পেয়ে আসছিলেন, যা ৬ মাস পরপর পরিশোধ করা হতো। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রথম পর্বে উত্তীর্ণ মাত্র এক হাজার প্রশিক্ষণার্থী মেধার ভিত্তিতে অটোমেশনের মাধ্যমে এই ভাতা পাবেন। বাকিদের কোনো ভাতা দেওয়া হবে না। এছাড়া পাঁচ বছরের প্রশিক্ষণকালে দুই বছর নিজ উপজেলায় কর্মরত থাকতে হবে।

আরও পড়ুন: ভাতা পাবেন মাত্র এক হাজার প্রশিক্ষণার্থী, দুই বছর থাকতে হবে নিজ উপজেলায়

একই সাথে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের পদায়ন হবে অটোমেশনের ভিত্তিতে, যেখানে তার নিজের ইচ্ছার কোনো প্রতিফলন থাকবে না। এ ছাড়া বিষয় নির্ধারণেও মাত্র কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কথা সামনে আসে গতকাল বুধবার।

এ ঘটনায় এনডিএফ ও ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস ছাড়া বিবৃতি দেওয়া অন্য সংগঠনগুলো হলো— ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টরস সোসাইটি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস কমিটি, রাজশাহী মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস সোসাইটি, চট্টগ্রাম মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, পাবনা মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। এ ছাড়া রংপুর মেডিকেল কলেজ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও বিবৃতি দিয়েছেন।

দীর্ঘমেয়াদে দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট তৈরি হওয়ার আশঙ্কা এনডিএফের
এনডিএফের দপ্তর সম্পাদক ডা. একেএম জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন প্রশিক্ষণ নীতিমালা সংশোধন করে নবীন ট্রেইনি চিকিৎসকদের স্বার্থ সংরক্ষণের আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। তারা বলেছেন, নতুন নীতিমালা নিয়ে চিকিৎসক সমাজে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ন্যাশনাল ডক্টরস ফোরাম  মনে করে, বর্তমান বাস্তবতায় নীতিমালার কিছু শর্ত নবীন ট্রেইনি চিকিৎসকদের আর্থিক নিরাপত্তা, পারিবারিক জীবন এবং উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের আগ্রহের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এনডিএফ নেতৃবৃন্দ বলেন, উচ্চতর কোর্সে বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের পর্যাপ্ত ভাতার অনিশ্চয়তা, উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় রিসোর্স ও অবকাঠামো ব্যতিরেকে দীর্ঘমেয়াদি স্থানান্তরভিত্তিক প্রশিক্ষণ, নারী ট্রেইনিদের অতিরিক্ত পারিবারিক ও সামাজিক চ্যালেঞ্জসহ বিভিন্ন নির্দেশনা চিকিৎসকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা আরও বলেন, এ ধরনের বাস্তবতাবিবর্জিত নীতিমালা উচ্চতর প্রশিক্ষণে চিকিৎসকদের আগ্রহ কমিয়ে দিতে পারে, বিদেশমুখী প্রবণতা বৃদ্ধি করতে পারে এবং দীর্ঘমেয়াদে দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে ট্রেইনি চিকিৎসকদের জন্য সম্মানজনক ভাতা, আর্থিক নিরাপত্তা, যৌক্তিক কর্মঘণ্টা, নিরাপদ আবাসন, নারী ট্রেইনিদের জন্য বিশেষ সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে এনডিএফ। একই সঙ্গে নীতিমালা বাস্তবায়নের পূর্বে সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা করে প্রয়োজনীয় সংশোধনের আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের জন্য উচ্চতর প্রশিক্ষণ যেমন জরুরি, তেমনি ট্রেইনি চিকিৎসকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

আন্দোলনের হুঁশিয়ারি চিকিৎসকদের
মঙ্গলবার ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের বিবৃতিতে ৪৮ ঘণ্টার মধ্যে এই নিয়ম বাতিলের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন, এর আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করা, সুনির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকগণের বেতন নবম গ্রেডের সমমান ও প্রস্তাবিত পে স্কেলের অনুরূপ কাঠামো মেনে বেসরকারি চিকিৎসকদের সুনির্দিষ্ট বেতনকাঠামো প্রণয়নের দাবি জানানো হয়।

এ ছাড়া বিসিএস স্বাস্থ্যে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) অধ্যাদেশ-২০২৫ এর খসড়া আইনে রূপান্তর করে এই আইন অনুযায়ী বিএমডিসি বহির্ভূত সকল অবৈধ ডাক্তার পরিচয় দানকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করা এবং বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি পরীক্ষায় ভর্তি ফি ১০০০ টাকার বেশি না করার দাবি জানিয়েছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। এসব দাবি আদায় না হলে চিকিৎসকরা কঠোরতর কর্মসূচির উদ্যোগ গ্রহণ করতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতেও প্রায় অভিন্ন দাবি জানানো হয়েছে।

মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন ড. খলিলুর রহমান?
  • ০৩ জুন ২০২৬
যুদ্ধের মধ্য দিয়ে আঞ্চলিক পরাশক্তি হয়ে উঠেছে ইরান
  • ০৩ জুন ২০২৬
বিদ্যুতের দাম বৃদ্ধি: বিক্ষোভের ডাক দিল জামায়াত
  • ০৩ জুন ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ মিথ্যা, দাবি প…
  • ০৩ জুন ২০২৬
আগাম দাবদাহে স্পেনে এক মাসে প্রাণ গেল ১০১ জনের  
  • ০৩ জুন ২০২৬
সরকার দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ার মাধ্যমে আ.লীগের পুনর্বাসনে…
  • ০৩ জুন ২০২৬