দুর্নীতি-অর্থ পাচারে মাদ্রাসা শিক্ষার্থীরা জড়িত নয়: চরমোনাই পীর

২১ জানুয়ারি ২০২১, ০৮:০৮ PM

© সংগৃহীত

দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে মূর্খ, রিকশাচালক কিংবা মাদ্রাসার শিক্ষার্থীরা জড়িত নয় উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, সমাজে এক ধরনের ডাকাত আছে। যারা রাইফেল বা ছুরি ঠেকিয়ে ডাকাতি করে। অপরদিকে শিক্ষিত ডাকাত যারা কলম দিয়ে ফাইল ঠেকিয়ে ডাকাতি করে। এরা সবাই ডাকাত। মূর্খ ডাকাতের চেয়ে  শিক্ষিত ডাকাত আরো ভয়ঙ্কর। এজন্য ছাত্র-শিক্ষক উভয়কে ইসলামী ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরামের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রচলিত শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধসম্পন্ন সুনাগরিক গড়ে তুলতে শিক্ষার সব স্তরে ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।

নাস্তিক্যবাদী গোষ্ঠী ইসলাম ধ্বংসে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার করছে উল্লেখ করে তিনি আরও বলেন, তারা ইসলামী শিক্ষা ও ইসলামপন্থীদের বিরুদ্ধে অশালীন ভাষা প্রয়োগ করছে। ধর্মহীন শিক্ষার ফলে আদর্শ মানুষের পরিবর্তে চোর-ডাকাত, দুর্নীতিবাজ হিসেবে গড়ে উঠে রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করছে।

সম্মেলনে অধ্যাপক মাহবুবুর রহমানকে সভাপতি, মাওলানা এবিএম জাকারিয়াকে সহ-সভাপতি এবং অধ্যাপক নাসির উদ্দিন খানকে সেক্রেটারী জেনারেল করে ২০২১-২২ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই।

এর আগে কেন্দ্রীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় উপদেষ্টা প্রফেসর ডা. আক্কাস আলী সরকার, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, শিক্ষা ও সংষ্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, ঢাবির প্রফেসর ড. গোলাম রব্বানী, ইউনিসেফ-এর গবেষণা সহকারি ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহযোগি অধ্যাপক মুহাম্মদ হাসান রাইয়ান, প্রফেসর মুহাম্মদ আব্দুর রকিব। শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলককরণ, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ১৪ দফা প্রস্তাবনা পেশ করেন মাওলানা এবিএম জাকারিয়া। সম্মেলনে জাতীয় শিক্ষক ফোরামের অর্ধশত জেলা প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। সম্মেলন পরিচালনা করেন প্রভাষক আব্দুস সবুর ও কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মাওলানা বাকীবিল্লাহ।

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর নিয়ে আলেমদের সঙ্গে…
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থান আর আমার আরেক আব্বু-আম্মু খুঁজে পাওয়ার গল্প
  • ০৮ আগস্ট ২০২৬
বাণিজ্যিক খামারের পাশাপাশি দেশি জাত উন্নয়নেও জোর দিতে হবে: …
  • ০৮ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের বাসায় প্রদর্শনীতে জিয়ার অনুপস্থিতি নিয়ে রিজভ…
  • ০৮ আগস্ট ২০২৬
সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষায় জমজমাট ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকার হাট
  • ০৮ আগস্ট ২০২৬