তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাসে আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম © টিডিসি ছবি
আলিয়া মাদ্রাসার শিক্ষাকাঠামোকে স্কুল-কলেজের মতো করে ফেলা হয়েছে। এখন স্কুল-কলেজে যে বই পড়ানো হয়, আলিয়া মাদ্রাসারও হুবহু সেই বই পড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
তিনি বলেন, আলিয়া মাদ্রাসার শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। মাদ্রাসার শিক্ষার্থীদের নৈতিকতার জায়গায় দুর্বল করা এবং ঈমান-আকিদা নষ্ট করার লক্ষ্যে কৌশলে ডারউইনের মতবাদ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লেখকদের সাহিত্য পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করে একটি ‘ব্রাউনম্যান প্রজন্ম’ গড়ে তোলার ষড়যন্ত্র করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সকালে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাসের শহীদ আবদুল মালেক মিলনায়তনে আলিম প্রথম বর্ষের নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, চার-পাঁচ বছর আগেও মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়ার হার অন্যান্য শিক্ষা বোর্ডের তুলনায় বেশি ছিল। পাসের হারও ছিল বেশি। কিন্তু বর্তমান সরকার ও বিগত সরকারের সময়ে আলিয়া মাদ্রাসা থেকে শিক্ষার্থীদের মুখ ফিরিয়ে নিতে নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, ২০১০ সালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও অর্থনীতি বিভাগে তা’মীরুল মিল্লাতসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের ভর্তি হতে দেওয়া হতো না। ভর্তি পরীক্ষায় ভালো ফল করার পরও তাদের অর্থনীতি বা ইংরেজি সাহিত্যে পড়ার সুযোগ দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, ‘মাদ্রাসা বোর্ডের আলিমে বাংলায় ১০০ নম্বর এবং ইংরেজিতে ১০০ নম্বর পড়ানো হয়— এমন যুক্তি দেখিয়ে শিক্ষার্থীদের এসব বিষয়ে পড়ার সুযোগ দেওয়া হতো না। এ ঘটনায় আমরা মামলা করেছিলাম।’
শিশির মনির আরও বলেন, মাদ্রাসার বর্তমান শিক্ষার মানকে আরও উন্নত ও আধুনিকায়ন করা গেলে বাংলাদেশের মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বপর্যায়ে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে পারবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আগামীতে যে রাজনীতি দেশে আসছে, আমার ধারণা, দলীয় ও পারিবারিক রাজনীতি দেশ থেকে চলে যাবে। ২০ বছর পরে তোমাদের মধ্য থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, ইনশাআল্লাহ। সুতরাং এখন থেকেই সবাইকে প্রস্তুতি নিতে হবে। মাথা ঠান্ডা রাখার সময়, কাজ বেশি করার সময়।’
ছাত্রশিবির টঙ্গী মডেল শাখার সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শাখা সম্পাদক মুর্তজা হাসান ফুয়াদ সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আবদুর রব, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং বিশিষ্ট গীতিকার ও সুরকার শিল্পী মশিউর রহমান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে শিল্পী মশিউর রহমান ও ‘তুরাগ শিল্পী গোষ্ঠী’র ইসলামী সংগীত পরিবেশন উপভোগ করেন মাদ্রাসার শিক্ষার্থীরা।