জুলাইযোদ্ধা সুরভীর বয়স নিয়ে ‘চরম বিভ্রান্তি’, তদন্ত কর্মকর্তাকে শোকজ

০৫ জানুয়ারি ২০২৬, ০৮:২০ PM
সুরভী

সুরভী © সংগৃহীত

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর বয়স নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের ঘটনায় তদন্তকারী কর্মকর্তা মো. ওমর ফারুককে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (৫ জানুয়ারি) গাজীপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহদি এ নির্দেশ দেন। এতে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।

আদালত আদেশে বলেছেন, মামলার এজাহারে আসামির বয়স ২১ বছর উল্লেখ থাকলেও পরবর্তীতে আদালতে দাখিল করা পুলিশ ফরোয়ার্ডিং প্রতিবেদনে বয়স ২০ বছর দেখানো হয়েছে। বয়সের এই অসঙ্গতি আদালতের দৃষ্টিগোচর হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, মামলার শুনানিকালে আসামিপক্ষ থেকে আসামি অপ্রাপ্তবয়স্ক— এমন কোনো সুনির্দিষ্ট দাবি বা আইনি আপত্তি উত্থাপন করা হয়নি। তা সত্ত্বেও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসামির বয়স ১৮ বছরের নিচে বলে প্রকাশিত কিছু প্রতিবেদন আদালতের নজরে এসেছে। এতে আসামির প্রকৃত বয়স নিয়ে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন আদালত।

আদেশে বলা হয়, এই পরিস্থিতি তদন্তকারী কর্মকর্তার চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার প্রতিফলন বলে প্রতীয়মান হয়। মামলার সুষ্ঠু বিচার ও আইনি প্রক্রিয়ার স্বার্থে আসামির সঠিক বয়স নির্ধারণ অত্যন্ত জরুরি। এমতাবস্থায়, তদন্তকারী কর্মকর্তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে আসামির মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা অনলাইন ভেরিফায়েড জন্মনিবন্ধন সনদসহ সশরীরে আদালতে উপস্থিত হয়ে বয়সের এই অসঙ্গতির বিষয়ে সন্তোষজনক কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর ৪ সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে ৪ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

এর আগে আজ সোমবার দুপুরে ‘১৭ বছরকে ২১ দেখিয়ে রিমান্ড আবেদন, সেই সুরভীর ২ দিনের রিমান্ড’ দেখিয়ে সংবাদ প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাস। এরপর এটি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬