পিঠে ‘অশ্লীল’ শব্দ: ইস্তফা নয়, কাজ চালিয়ে যান— উপাচার্যকে শিক্ষামন্ত্রী

০৮ মার্চ ২০২০, ০৯:০২ AM
রবীন্দ্রভারতী কাণ্ডের নিন্দায় কলকাতার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

রবীন্দ্রভারতী কাণ্ডের নিন্দায় কলকাতার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় © ফাইল ফটো

পিঠে ‘অশ্লীল’ শব্দ লিখে রবীন্দ্রভারতীতে বসন্ত উৎসবে তরুণ-তরুণীদের যোগ দেওয়া ঘিরে তোলপাড় গোটা ভারতের কলকাতা রাজ্য। ইস্তফা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। গোটা এই কাণ্ডে বিশ্ববিদ্যালয়ের পাশেই দাঁড়ালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

শনিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘‘উপাচার্যকে বলেছি, কাজ চালিয়ে যেতে।’’ তিনিও তাতে সম্মত হয়েছেন বলে দাবি শিক্ষামন্ত্রীর। তবে এ দিন ফের এই ঘটনার নিন্দাও করেছেন শিক্ষামন্ত্রী।

ইস্তফার কারণ হিসেবে উপাচার্য বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ে যে কাণ্ড ঘটেছে, তাতে তিনি অপমানিত বোধ করেছেন। সেই নৈতিকতার দায় নিয়েই তিনি ইস্তফা দিয়েছেন। কিন্তু শিক্ষামন্ত্রী এ দিন বলেন, ‘‘এটা সমাজের একটা ব্যাধি। আমি বলেছি, তার দায় আপনি কেন নিতে যাবেন। আমি তাঁকে কাজ চালিয়ে যেতে বলেছি। উনিও বলেছেন, কাজ চালিয়ে যাবেন।’’

অভিযুক্তরা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও পুলিশকে ঘটনার কথা জানিয়েছেন। প্রশ্ন উঠেছে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়েও। কেন পর্যাপ্ত নিরাপত্তা ও নজরদারি ছিল না, অথবা নজরে আসার পরেও গুরুত্ব দেওয়া হয়নি, এমন প্রশ্নও উঠেছে। শিক্ষামন্ত্রীর মতে বিশ্ববিদ্যালয় ঠিক কাজই করেছে। কর্তৃপক্ষের যা করণীয় সেটাই করেছে।

যাঁরা এই কাণ্ড ঘটিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে সমাজের নানা মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এ দিন বলেন, ‘‘আমি খুব পরিষ্কার ভাষায় বলি, এটা একটা রোগ। আমরা দলমত নির্বিশেষে সমাজকে সচেতন করব। আমাদের নতুন প্রজন্মের মধ্যে প্রচার করা হবে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের প্রচার করে সমাজের যে কতটা ক্ষতি হচ্ছে, সেটা তাঁদের বোঝা উচিত।’’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

গাইবান্ধা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে শা…
  • ২৬ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে বাস-লেগুনার সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ২০
  • ২৬ অক্টোবর ২০২৬
মানুষের কাছে ভিক্ষা করে, টাকা চেয়ে ছেলের চিকিৎসা করিয়েছি এখ…
  • ২৬ অক্টোবর ২০২৬
মানিক পশারীর লাশ দাফনে বাধা, নিন্দা জানিয়ে যা বললেন নাহিদ ই…
  • ২৬ অক্টোবর ২০২৬
যমুনায় গোসলে নেমে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ২৬ অক্টোবর ২০২৬
নৌপরিবহন মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে ৩৫ পদে চাকরি, আবেদন আগা…
  • ২৬ অক্টোবর ২০২৬