বক্তব্য রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত © সংগৃহীত
দেশের চক্ষু স্বাস্থ্যের উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে সরকার ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় সিরডাপ কনফারেন্স রুমে আইএনজিও ফোরাম ও এনআইওঅ্যান্ডএইচের যৌথ উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মেহবুব উল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী।
ড. এম এ মুহিত বলেন, দেশের প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে এই অর্থ বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ, চক্ষু সেবার অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, দেশব্যাপী বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন এবং ১ কোটি চশমা বিতরণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রায় ২ কোটি মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবার আওতায় আনা হবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্কুলশিক্ষার্থীরাও এই কর্মসূচির আওতায় থাকবে। শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা, প্রয়োজনীয় চশমা প্রদানসহ অন্যান্য প্রয়োজনীয় চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত ও সহজলভ্য চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে চক্ষু স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএপিবির বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি চেয়ার ও অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, ওএসবির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. জিন্নু রেইন (নিউটন) এবং ওএসবির প্রেসিডেন্ট ডা. মো. তৌহিদুর রহমান। এছাড়া অনুষ্ঠানের আলোচনা পর্বটি পরিচালনা করেন হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রোগ্রাম হেড ডা. আফসানা হাবিব শিউলি।