জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন

১১ নভেম্বর ২০২৬, ০৬:১১ PM
গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত ‘সাসটেইনেবিলিটি ডে ২০২৬: নিউ ফ্রন্টিয়ার্স ফর গ্রোথ’ শীর্ষক সম্মেলনে ড. মাহদী আমিন

গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত ‘সাসটেইনেবিলিটি ডে ২০২৬: নিউ ফ্রন্টিয়ার্স ফর গ্রোথ’ শীর্ষক সম্মেলনে ড. মাহদী আমিন © সংগৃহীত

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব সম্পদের সদ্ব্যবহার, আমদানিনির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ খাত থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর হোটেল রেনেসাঁয় গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত ‘সাসটেইনেবিলিটি ডে ২০২৬: নিউ ফ্রন্টিয়ার্স ফর গ্রোথ’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, জ্বালানি খাতে নিজস্ব গ্যাস অনুসন্ধান, নতুন এফএসআরইউ স্থাপন এবং কয়লার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। আন্তর্জাতিক অংশীদারদের কারিগরি সহযোগিতা কাজে লাগিয়ে আমদানির ওপর স্থায়ী নির্ভরতা কমানো এবং নিজস্ব সম্পদের ভিত্তিতে টেকসই জ্বালানি নিরাপত্তা গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে সৌরবিদ্যুৎ প্রকল্প ও সোলার প্যানেল উৎপাদনে বাজেটে বিশেষ কর অব্যাহতি ও নীতিগত সুবিধা দেওয়া হয়েছে।

বর্জ্যকে সম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শিল্পবর্জ্য, অপরিশোধিত পানি ও রাসায়নিক বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস এবং পুনর্ব্যবহারযোগ্য পানি উৎপাদন সম্ভব। বর্জ্য অপসারণের পরিবর্তে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের এই আধুনিক পদ্ধতি দেশের সব শিল্পে প্রয়োগ করা প্রয়োজন।

পোশাক খাতকে দেশের অর্থনীতির মূল প্রাণশক্তি উল্লেখ করে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে এ শিল্পের সূচনা হয়েছিল। এই খাতের ঐতিহ্য ধারণ করে শিল্পের বিকাশ ও সুরক্ষায় সরকার কাজ করছে। রপ্তানি আয় বাড়াতে পোশাক পণ্যের বৈচিত্র্য আনার পাশাপাশি নতুন রপ্তানি খাতের বিকাশ ঘটাতে হবে। এ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, সৃজনশীলতা ও বৈশ্বিক মানদণ্ড অনুসরণে সরকার নীতিগত সহায়তা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে তৈরি পোশাক খাতে বর্তমানে প্রায় ৩০০টি ‘লিড সার্টিফাইড’ পরিবেশবান্ধব সবুজ কারখানা রয়েছে। এসব কারখানা পরিবেশবান্ধব শিল্পায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে। একই সঙ্গে শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার মান ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগ তুলে ধরে মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আইনের শাসন, সামাজিক সুবিচার ও সাম্যভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে কাজ চলছে। বন্দর থেকে শুল্কব্যবস্থা পর্যন্ত বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে।

পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় অঙ্গীকারের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি টেকসই উন্নয়নের চারটি প্রধান ভিত্তি—পরিবেশ সুরক্ষা, ব্যক্তির ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা, নতুন শিল্পের বিকাশ এবং সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক অংশীদার ও বেসরকারি খাতকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান, ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরুর সময় পেছাল 
  • ১১ নভেম্বর ২০২৬
‘হিটলারের নাৎসি বাহিনীর মতো আওয়ামী লীগও বাংলাদেশে ফিরতে পার…
  • ১১ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয়করণ হচ্ছে খুলনার ৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১১ নভেম্বর ২০২৬
আলোর মুখ দেখছে এনসিপির উপদেষ্টা কমিটি—জানালেন সারোয়ার তুষার
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ঢাকা বিভাগের ২১ শিক্ষাপ্রতিষ্ঠান, বাদ ৪ …
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950