যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় সরকার: মাহদী আমিন

০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ PM
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম) আয়োজিত এক সেমিনারে মাহদী আমিন।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম) আয়োজিত এক সেমিনারে মাহদী আমিন। © টিডিসি ফটো

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত ও নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার সর্বাত্মক উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, দুই দেশের বিদ্যমান সম্পর্ককে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার মাধ্যমে আরও শক্তিশালী করতে চায় সরকার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পাওয়ারিং বাংলাদেশ’স নেক্সট গ্রোথ চ্যাপ্টার: আ পাথওয়ে টু এনার্জি সিকিউরিটি অ্যান্ড স্ট্যাবিলিটি’ শীর্ষক এ সেমিনারে জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

মাহদী আমিন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন শুধু দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নেই। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রেও এ সম্পর্কের পরিধি বাড়ছে। তিনি বলেন, বর্তমানে ৫০টির বেশি মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করেছে। বাংলাদেশের বড় বাজার, ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণি এবং গণতান্ত্রিক সরকারের নীতিগত ধারাবাহিকতা নিশ্চিত করার সুযোগ থাকায় এ দেশে মার্কিন বিনিয়োগ আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি বহুমুখী করার সুযোগ রয়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষিপণ্য রপ্তানিতেও সম্ভাবনা রয়েছে। দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে এসব খাতকে গুরুত্ব দিতে চায় সরকার। একই সঙ্গে গম, সয়াবিন ও স্ক্র্যাপ মেটালের মতো পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানির ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।

জ্বালানি খাতে দুই দেশের অংশীদারিত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শেভরনের মাধ্যমে বাংলাদেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন এবং এক্সিলারেট এনার্জির মাধ্যমে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) পরিচালনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল সহযোগিতা রয়েছে। সরকার ভবিষ্যতে আরও বড় পরিসরে গ্যাস ও কয়লা অনুসন্ধানের পরিকল্পনা করছে। এতে মার্কিন কোম্পানিগুলোর জন্য নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মার্কিন প্রযুক্তি ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্যও কাজের সুযোগ তৈরি করছে। বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, নীতিগত সংস্কার এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সমান সুযোগ সৃষ্টি করা গেলে আন্তর্জাতিক বিনিয়োগ বাড়বে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি উন্নয়নের সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ডের মতো কর্মসূচি নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে ভিসা ও মাস্টারকার্ডের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা চলছে বলে জানান মাহদী আমিন। তিনি বলেন, পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী আরও মার্কিন প্রতিষ্ঠানকে স্বাগত জানাতে সরকার প্রস্তুত।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়াং। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. মাশরুর রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জিই ভার্নোভার সারতাজ ভূঁইয়া, এক্সিলারেট এনার্জির কান্ট্রি ম্যানেজার মো. হাবিবুর রহমান ভূঁইয়া, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসেন এবং বুয়েটের সাবেক ডিন অধ্যাপক ড. ইজাজ হোসেন। সেমিনার শেষে মাহদী আমিন ‘৩০তম ইউএস ট্রেড শো ২০২৬’-এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীতে গণসংহতি আন্দোলনের দুই মাসব্যাপী কর্মসূচ…
  • ০৫ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় সরকার: মাহ…
  • ০৫ নভেম্বর ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে ললিপপ খাওয়ার অপরাধে মাদ্রাসা ছাত্রীকে…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে ১০ মুহূর্তে কিংবদন্তি হয়ে উঠেছেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাবি-বুয়েট-মেডিকেল: চার টপারের সফলতার গল্প
  • ০৫ নভেম্বর ২০২৬
ভারতীয় ভিসা আবেদনে নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950