সাকিবের দেশে ফিরে জাতীয় দলে খেলার সুযোগ নেই: আমিনুল

০৭ আগস্ট ২০২৬, ০৬:২৬ PM
আওয়ামী লীগের টিকিটে রাতের ভোটের এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসান

আওয়ামী লীগের টিকিটে রাতের ভোটের এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসান © সংগৃহীত

জাতীয় দলের হয়ে দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করলেও সাকিব আল হাসানের সেই সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে সাকিবের দেশে ফিরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে সরকার। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে বা জাতীয় দলে ফেরার আর কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের একাধিক নেতা দেশ ছাড়তে বাধ্য হন। সাকিব সেই সময়ে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন। সম্প্রতি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাকিবের উপস্থিতি ঘিরে নতুন করে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ক্রীড়া প্রতিমন্ত্রীর মতে, আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সাকিবের যে সর্বজনীন গ্রহণযোগ্যতা ছিল, তার রাজনৈতিক অবস্থানের কারণে তা পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে।

আমিনুল হক বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন, সেখান থেকে সরে গিয়ে যখন রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন, তখন আমার মনে হয় না তার দেশে ফিরে আসার কোনো সুযোগ আছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে।’

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, এতদিন পর্যন্ত সাকিবকে প্রধানত একজন খেলোয়াড় হিসেবে বিবেচনা করে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। তবে তার সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের পর সেই অবস্থান বদলে গেছে। তিনি যোগ করেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি এবং অন্য সবাই তার বিষয়টি নিয়ে অনেক সহনশীল ছিলাম। কিন্তু এখন তার ফেরার জন্য কোনো ব্যবস্থা করার সুযোগ আছে বলে মনে করি না। তিনি স্বৈরাচারদের মঞ্চে উঠে তাদের সঙ্গে দাঁড়িয়েছেন। তাই তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।’

এর আগে বার্তা সংস্থা 'রয়টার্স'-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানিয়েছিলেন, সরকারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার গ্যারান্টি পেলে তিনি দেশে ফিরে মামলার বিচারে মুখোমুখি হতে প্রস্তুত। একই সঙ্গে ঘরের মাঠে বিদায়ী সিরিজ খেলা এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি।

তবে যুব ও ক্রীড়া মন্ত্রকের এমন কড়া অবস্থানের পর সাকিবের দেশে ফিরে বিদায়ী সিরিজ খেলার স্বপ্ন বাস্তবায়নের পথ কার্যত বন্ধ হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।

পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্…
  • ২৯ আগস্ট ২০২৬
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্যারোলে বেরিয়ে হলেন সরকারি শিক…
  • ২৯ আগস্ট ২০২৬
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
  • ২৯ আগস্ট ২০২৬
‎রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৯ আগস্ট ২০২৬
অবৈধ স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ২৯ আগস্ট ২০২৬
শিক্ষকদের আগস্ট মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে যাবে চলতি…
  • ২৯ আগস্ট ২০২৬