জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা গড়তে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

২৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ PM , আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © পিএম অফিস

জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা গড়ে তুলতে সংসদ সদস্যদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমানের পয়েন্ট অব অর্ডারে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতায় শহর তলিয়ে যাওয়া এবং নগরবাসীর দুর্ভোগের বিষয়টি তুলে ধরলে প্রধানমন্ত্রী বিষয়টির ওপর বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গতকাল থেকে আমিও দেখেছি, সংবাদ মাধ্যমে অতিবর্ষণের কারণে বিভিন্নভাবে চট্টগ্রাম শহরের বেশ একটি বড় অংশ তলিয়ে গিয়েছে, মানুষ কষ্ট পাচ্ছে। এই সমস্যাটি শুধু চট্টগ্রামে না এই সমস্যাটি বলা যায় সারাদেশেই ছড়িয়ে আছে। ঢাকা শহরে এরকম আছে যেখানে বৃষ্টিতে ড্রেনে পানি বন্ধ হয়ে যাচ্ছে, পানি আটকে যাচ্ছে, ফলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

তিনি বলেন, এই সমস্যা অনেক দিনের। একজন রাজনীতিবিদ, একজন বিশেষজ্ঞ ছিলেন, উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে যেমন পানির রিজার্ভার তৈরি করে ছিলেন। একইভাবে বন্যা বা জলবদ্ধতাও দূর করেছিলেন। ঠিক একই কাজে আবার ফিরে যেতে হবে আমাদের। এই খাল খনন কর্মসূচির কাজটি আমরা শুরু করেছি। শহর অঞ্চলগুলোতে যেটি সমস্যা হচ্ছে, শহরের ভিতরে যে লেকগুলো আছে বা যে ড্রেনগুলো বড় নালাগুলো আছে, খালগুলো আছে, আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করি যেমন, প্লাস্টিক বোতল, পলিথিন যেগুলো আমরা ব্যবহার করছি তার ফলে অসচেতনভাবে আমরা এই খাল-বিলগুলোকে বন্ধ করে দিচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার এই ড্রেনগুলোকে ক্লিন করার চেষ্টা করছে ঢাকা শহরে কয়েকটি করা হয়েছে। কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে গিয়ে আমরা দেখছি যে, আবার মানুষজন অসচেতন ভাবে এগুলোতে বিভিন্ন ময়লা ফেলে জিনিসগুলোকে ব্লক করে দিচ্ছে। এখানে ঢাকা-১২ আসনে মাননীয় সংসদ সদস্য সাইফুল আলম আছেন তার এলাকায় এই সমস্যাটি আছে। তিনি কয়েকদিন আগে আমার সাথে আলাপ করছিলেন এই বিষয়টি নিয়ে। আমি অন্যান্য এলাকায়ও যারা সংসদ সদস্য আছেন তাদের সাথে আলাপ করেছি। এটি একটি বিরাট সমস্যা। আমি মনে করি সরকার যে উদ্যোগ নিচ্ছে আরও নেবে।

তিনি বলেন, একই সাথে এখানে সকল সংসদ সদস্য উপস্থিত আছেন, আপনাদের সকলের কাছে আমার একটি বিনীত অনুরোধ থাকবে, আসুন আমরা জনগণের সচেতনতা বৃদ্ধি করি। সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে এই সমস্যাটা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। আমরা জনমত তৈরি করার মাধ্যমে, সচেতনতা তৈরি করার মাধ্যমে অনেকাংশেই সমস্যাটার সমাধান করতে পারব।

তারেক রহমান বলেন, প্লাস্টিক বোতল বা পলিথিন বা আরো এই ধরনের যে দ্রব্যগুলো আছে যেগুলোতে ড্রেন বা নালাগুলো বা খালগুলো ব্লক হয়ে যায় এগুলা কিভাবে আমরা ব্যবহার কমাতে পারি অথবা ব্যবহার করার পরে এগুলোকে প্রোপারলি কিভাবে ডিসপোজ করতে পারি এই বিষয় জনসততা বৃদ্ধি করতে হবে। এটি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হচ্ছে মাননীয় স্পিকার।

আমরা সংসদ সদস্য যারা আমি মনে করি আমাদের একটি নৈতিক দায়িত্ব আছে এই বিষয়ে জনগণকে সচেতন করার।

চট্টগ্রামের জলাবন্ধতার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই যে, এরই মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে মেয়র আছেন উনার সাথে আমার কথা হয়েছে। উনি এর মধ্যেই চেষ্টা করছেন। কিন্তু এখন তো এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়।

‘এ’ নেগেটিভের কিশোরী আফসানাকে দেওয়া হলো ‘ও’ পজিটিভ রক্ত, অত…
  • ২৯ এপ্রিল ২০২৬
রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার খাতা
  • ২৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন কা…
  • ২৯ এপ্রিল ২০২৬
এনএসইউতে ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক উপলক্ষে সচেতনতামূলক সেশন 
  • ২৯ এপ্রিল ২০২৬
ইন্টার্ন নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ ৩ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
এনএসইউতে রবীন্দ্রনাথের ‘রাশিয়া থেকে চিঠি’ বিষয়ক সেমিনার
  • ২৯ এপ্রিল ২০২৬