জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২৮ মার্চ ২০২৬, ০৯:১৯ PM
সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী।

সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী। © সংগৃহীত

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

চিফ হুইপ জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম ঠিক রাখার চেষ্টা করছে। কিন্তু কিছু অসাধু চক্রের কারণে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। এমনকি সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগও পাওয়া গেছে। এসব বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান ও কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে ২ লাখ মেট্রিক টনের জাহাজ বন্দরে ভিড়েছে এবং আরও ২ লাখ মেট্রিক টন আসার পথে রয়েছে। 

চিফ হুইপ বলেন, বাংলাদেশে এই প্রথম প্রধানমন্ত্রী মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের বিস্তারিত তথ্য দিয়ে অবহিত করতে, যাতে তারা এলাকাভিত্তিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। এখন থেকে প্রতি মাসে এ ধরনের ব্রিফিংয়ের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন যাতে তারা জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করেন। বিশেষ করে কেউ যাতে অপ্রয়োজনে অতিরিক্ত তেল মজুত করতে না পারে এবং তেলের দাম যেন কোথাও না বাড়ে, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। আগামীকাল (রবিবার) সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী এ বিষয়ে ৩০০ বিধিতে বিস্তারিত বক্তব্য রাখবেন।

সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম মনি বলেন, এ বিষয়ে আজ বিস্তারিত আলোচনা না হলেও আশা করা যাচ্ছে আগামীকালের বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত আসবে। এছাড়া সংরক্ষিত নারী আসন ও অন্যান্য বিল নিয়ে ৩০ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানান তিনি।

আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬