কর অঞ্চল-কুমিল্লা © টিডিসি সম্পাদিত
কর অঞ্চল-কুমিল্লায় ৭টি পদে ৪১ জনবল নিয়োগ দেওয়া হবে। ১৩তম থেকে ২০তম গ্রেডের এসব পদে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
সম্প্রতি কর অঞ্চল-কুমিল্লার কর কমিশনারের কার্যালয় থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তরা অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করবেন।
পদ ও পদসংখ্যা
১. ব্যক্তিগত সহকারী: ১টি পদ। গ্রেড-১৩। বেতনস্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা।
২. প্রধান সহকারী: ৫টি পদ। গ্রেড-১৩। বেতনস্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা।
৩. উচ্চমান সহকারী: ৫টি পদ। গ্রেড-১৪। বেতনস্কেল ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা।
৪. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ১২টি পদ। গ্রেড-১৪। বেতনস্কেল ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা।
৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১০টি পদ। গ্রেড-১৬। বেতনস্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।
৬. গাড়িচালক: ৩টি পদ। গ্রেড-১৬। বেতনস্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।
৭. অফিস সহায়ক: ৫টি পদ। গ্রেড-২০। বেতনস্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ব্যক্তিগত সহকারী, প্রধান সহকারী, উচ্চমান সহকারী এবং সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট শর্ত অনুযায়ী কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এসব পদের ক্ষেত্রে পদভেদে সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে নির্ধারিত গতি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা প্রয়োজন।
ব্যক্তিগত সহকারী পদের প্রার্থীদের সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। প্রধান সহকারী ও উচ্চমান সহকারী পদের জন্য কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি প্রয়োজন।
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের প্রার্থীদের সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দের গতি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
গাড়িচালক পদে আবেদন করতে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অফিস সহায়ক পদে আবেদনের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা ও আবেদন পদ্ধতি: সব পদের প্রার্থীদের বয়স ২০২৬ সালের ১ অক্টোবর তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন শুরু হয়েছে ১৩ অক্টোবর সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৫ নভেম্বর বিকেল ৫টা।
অনলাইনে আবেদন জমা দেওয়ার পর ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। প্রথম ছয়টি পদের জন্য আবেদন ফি ও সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য মোট ৫৬ টাকা দিতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের ক্ষেত্রে ফি ও সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষা ও প্রয়োজনীয় শর্ত: সব পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ব্যক্তিগত সহকারী, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়িচালক পদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষাও দিতে হবে। সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সনদ, জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, চারিত্রিক সনদ, আবেদনপত্র ও প্রবেশপত্রসহ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য কর অঞ্চল-কুমিল্লার ওয়েবসাইটে অথবা এখানে দেখুন।