হামজা চৌধুরীর উদযাপন © ফাইল ছবি
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। বলের নিয়ন্ত্রণ কিংবা গোলের সুযোগ তৈরি—সব বিভাগেই এগিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। শুরুতে শমিতের গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেছেন হামজা চৌধুরী। এতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে স্বাগতিকরা।
ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে ওঠে বাংলাদেশ। বক্সের ভেতর রাকিবের বাড়ানো ক্রসে অবশ্য বল ধরার মতো কেউ ছিলেন না। চতুর্থ মিনিটে রাকিবের আরেকটি ক্রস প্রায় পৌঁছে গিয়েছিল হামজার কাছে। তবে শ্রীলঙ্কার ডিফেন্ডার স্টিভেনের বাধায় সে যাত্রায় গোলের সুযোগ তৈরি হয়নি। ফিরতি বল পেয়ে বক্সের ঠিক সামনে রাকিব ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় বাংলাদেশ। সেখান থেকে হামজার নেওয়া শট অবশ্য গোলবারের লক্ষ্যে রাখতে পারেননি।
অষ্টম মিনিটেই আসে বাংলাদেশের প্রথম গোল। হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরা। বল লাগে এক ডিফেন্ডারের গায়ে, সেখান থেকে চলে যায় সোমের কাছে। তার প্রথম শট প্রতিহত হলেও ফিরতি চেষ্টায় জাল খুঁজে নেন তিনি। তাতেই এগিয়ে যায় বাংলাদেশ।
গোলের পরও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের। ডান প্রান্ত দিয়ে বারবার শ্রীলঙ্কার রক্ষণে চাপ তৈরি করেছেন রাকিব। সতীর্থদের জন্য বেশ কয়েকটি ভালো বলও বাড়িয়েছেন তিনি। তবে সেসব বল থেকে সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।
২৬তম মিনিটে আবারও দারুণ একটি সুযোগ তৈরি করে বাংলাদেশ। রাকিবের অসাধারণ পাসে বল পেয়ে যান হামজা। তবে শট নেওয়ার আগেই সামনে এসে দাঁড়ান শ্রীলঙ্কার এক ডিফেন্ডার। এরপর ব্যাকহিলে গোলের চেষ্টা করলেও বল জালে জড়াতে পারেননি তিনি।
৩৮তম মিনিটে পাল্টা আক্রমণে ভালো একটি সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কাও। ডান দিক থেকে আসা দুর্দান্ত ক্রসে গোলের সম্ভাবনা তৈরি হলেও বল ছোঁয়ার মতো কাউকে খুঁজে পায়নি।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন হামজা। ৪৩ মিনিটে ইব্রাহিমের পাস বক্সের বাইরে পেয়ে যান তিনি। এরপর দুর্দান্ত গতিতে এগিয়ে শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে পেছনে ফেলেন। তার নেওয়া শট গোলকিপার সুজন পেরেরার শরীরে লেগে দিক পরিবর্তন করে আশ্রয় নেয় জালে। হামজার দুর্দান্ত গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে দাপুটে পারফরম্যান্সে দুই গোলের লিড নিয়েই বিরতিতে গেছে বাংলাদেশ।