আর্জেন্টিনা জাতীয় দলে কত দিন খেলবেন মেসি—জানালেন তাপিয়া

০৭ আগস্ট ২০২৬, ১২:৫১ PM
মেসি ও তাপিয়া

মেসি ও তাপিয়া © সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসি আর কত দিন খেলবেন—এই প্রশ্নের জবাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া জানিয়েছেন, বিষয়টি পুরোপুরি মেসির ব্যক্তিগত সিদ্ধান্ত। একই সঙ্গে তিনি ২০২৬ বিশ্বকাপের পারফরম্যান্সের জন্য অধিনায়ককে প্রশংসায় ভাসিয়ে বলেন, তার মতে, পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন মেসি।

সম্প্রতি টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তাপিয়া বলেন, জাতীয় দলে মেসির ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

জাতীয় দলে মেসির থাকা নিয়ে প্রশ্ন করা হলে তাপিয়া বলেন, ‘এটা তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের তাকে তার মতো থাকতে দিতে হবে। ২০২২ সালে আমরা জানতাম না যে সে ২০২৬ সালে খেলবে কি না; সে বলেছিল যে একবারে একটি করে ম্যাচ নিয়ে ভাবতে হবে। আমার মনে হয়, বিশ্বকাপে আমরা লিওর সেরা না হলেও অন্যতম সেরা একটি রূপ দেখেছি। আমাদের তাকে ফুটবল খেলা উপভোগ করতে দিতে হবে, এবং তারপর সে যেটা সঠিক মনে করবে সেই সিদ্ধান্ত নিতে দিতে হবে।’

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেন মেসি। শিরোপা না জিতলেও পুরো আসরে আর্জেন্টিনার আক্রমণের মূল ভরসা ছিলেন তিনি। স্পেনের কাছে ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারলেও টুর্নামেন্টজুড়ে ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন মেসি। পাশাপাশি সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও গোল করানোর পাশাপাশি দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

তাপিয়া বলেন, ‘লিওর জন্য এটা একটা দারুণ বিশ্বকাপ ছিল। আমরা এটা খুব উপভোগ করেছি এবং আমাদের গর্বিত হওয়া উচিত। আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। নিঃসন্দেহে, বিশ্বকাপে সে-ই ছিল এই দলের পতাকাবাহক। আপনি যদি তার বিশ্বকাপ পারফরম্যান্স বিশ্লেষণ করেন, আমার মতে সে-ই ছিল সেরা খেলোয়াড়। সে একের পর এক ম্যাচে রেকর্ড ভাঙছিল।’

বিশ্বকাপের স্মৃতি প্রসঙ্গে তাপিয়া জানান, মেসির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই তার কাছে বিশেষ হয়ে থাকবে।

তিনি বলেন, ‘খেলার পর প্রতিটি ম্যাচ শেষে আমাদের আলিঙ্গনের মুহূর্তগুলো আমি সবসময় মনে রাখব। যখনই আমাদের দেখা হতো, সেই মুহূর্তগুলোই ছিল আসল। আমাদের মধ্যকার এই স্নেহ এবং সম্পর্ক আমি ধরে রাখব।’

আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ০৭ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬
মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলে কত দিন খেলবেন মেসি—জানালেন তাপিয়া
  • ০৭ আগস্ট ২০২৬
সাতসকালে সড়কে ঝরল ১৬ জনের প্রাণ
  • ০৭ আগস্ট ২০২৬