বিশ্বকাপের ফাইনালের পর কালই কি মাঠে নামতে যাচ্ছেন মেসি?

০১ আগস্ট ২০২৬, ০৪:০০ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৬, ০৪:০৭ PM
 মেসি

মেসি © টিডিসি ফটো

বিশ্বকাপের ফাইনালের পর বিরতি শেষে আবারও মাঠে ফেরার অপেক্ষায় লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) শনিবার ইন্টার মিয়ামির ম্যাচকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন—আর্জেন্টাইন অধিনায়ক কি এই ম্যাচেই ফিরবেন? দলে নাম থাকলেও এখনো তার খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কোচিং স্টাফ।

মেজর লিগ সকারের ম্যাচে আগামীকাল সকালে মাঠে নামবে ইন্টার মিয়ামি। বিশ্বকাপের ফাইনালের পর এটিই হতে পারে লিওনেল মেসির প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।

শুক্রবার মিয়ামি ও আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দে পলের সঙ্গে প্রথমবারের মতো দলের অনুশীলনে যোগ দেন মেসি। বিশ্বকাপের বিরতির পর এমএলএস মৌসুম আবার শুরু হওয়ার পর এটিই ছিল তাদের প্রথম অনুশীলন।

শনিবারের ম্যাচের জন্য ঘোষিত দলে মেসি ও দে পল—দুজনেরই নাম রাখা হয়েছে। তবে তারা শুরুর একাদশে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

শুক্রবার সাংবাদিকদের ইন্টার মিয়ামির কোচ গিয়ের্মো হোয়োস বলেন, ‘(মেসি) একটু আগেই এখানে এসেছে, তাই এই নিয়ে আমাদের এখনও ঠিকঠাকভাবে কথা বলার সুযোগ হয়নি। তবে (সে এবং দে পল) ফিরেছে, এটাতে আমরা খুশি।’

এদিকে মেসিকে ছাড়াই দুর্দান্ত ছন্দে রয়েছে ইন্টার মিয়ামি। দলটি টানা সপ্তম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ৯ মে থেকে শুরু হওয়া জয়ের ধারাবাহিকতা এখনো ধরে রেখেছে তারা।

২০২৪ সালের সাপোর্টার্স শিল্ডজয়ী ইন্টার মিয়ামি এবারও শিরোপার দৌড়ে ভালো অবস্থানে রয়েছে। বর্তমানে শীর্ষে থাকা ন্যাশভিল এসসির চেয়ে তারা মাত্র দুই পয়েন্ট পিছিয়ে আছে।

অন্যদিকে, সম্প্রতি দলে যোগ দেওয়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো এবার প্রথমবারের মতো ইন্টার মিয়ামির হয়ে ঘরের মাঠে খেলবেন। গত শনিবার মন্ট্রিয়লের বিপক্ষে ১–০ গোলের জয়ের ম্যাচে ক্লাবটির হয়ে তার অভিষেক হয়েছিল।

সেই ম্যাচে একমাত্র গোলটি করেন উরুগুয়ের অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। বিশ্বকাপের বিরতির পর দুই ম্যাচে তিন গোল করেছেন তিনি। আর ইন্টার মিয়ামির সবশেষ তিন ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে।

সব মিলিয়ে বিশ্বকাপ-পরবর্তী প্রথম ম্যাচে মেসি মাঠে নামবেন কি না, সেটিই এখন ইন্টার মিয়ামি সমর্থকদের সবচেয়ে বড় অপেক্ষার বিষয়। কোচের ইঙ্গিত অনুযায়ী, ম্যাচের আগে তার শারীরিক অবস্থা মূল্যায়নের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ এইচি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬